![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন নিয়ে চলমান আইনি জটিলতার মধ্যে নতুন নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনে সংগঠনটির নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই কমিশন বাতিল করে নতুন কমিশন গঠনের বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের গত ২৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেন। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশন ভেঙে নতুন কমিশন গঠন করা হয়েছিল। পাশাপাশি এ বিষয়ে একটি রুল জারি করেছেন আদালত।
রুলে জানতে চাওয়া হয়েছে, পুরোনো নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠনসংক্রান্ত ২৭ অক্টোবরের প্রজ্ঞাপন এবং ৪ নভেম্বর ঘোষিত নতুন নির্বাচনি তফশিল কেন অবৈধ ঘোষণা করা হবে না। একই সঙ্গে ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনে এবং ৯ অক্টোবর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসরণ করে নির্বাচনের অবশিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না কেন, তাও জানতে চাওয়া হয়েছে।
প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল কবির রিট আবেদনটি করেন। তার পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ আলী। অন্যদিকে বিবাদীদের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
আদালতের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ আগস্টের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ২৩ আগস্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। ওই কমিশনের অধীনে ১৭ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ১০ সেপ্টেম্বর ম্যানেজিং বোর্ডের অনুমোদন ছাড়াই সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম একক সিদ্ধান্তে নির্ধারিত নির্বাচন বাতিল করেন।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করা হলে গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট নির্বাচন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। পরবর্তী সময়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সোসাইটির চেয়ারম্যান আপিল করলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ৮ অক্টোবর বা তার আগে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন।
এরপর আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেন। নির্বাচন আয়োজনের সময় বাড়ানোর জন্য পরবর্তী সময়ে আবেদন করা হলে গত ২ নভেম্বর আপিল বিভাগ তা খারিজ করে দেন।
হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ছিল সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু তা না করে ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশন বাতিল করা হয় এবং নতুন কমিশন গঠন করে ৪ নভেম্বর নতুন নির্বাচনি তফশিল ঘোষণা করা হয়।
আদালত চেয়ারম্যানের এ পদক্ষেপকে দেশের সর্বোচ্চ আদালতের আদেশ ব্যাহত করার জন্য একটি ‘নোংরা চালাকি’ ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন।
এদিকে রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ আলী জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করার অভিযোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার পৃথক আবেদন দায়ের করেছেন তারা।