![]()
ইবি রিপোর্ট
নারীদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিতে নতুন সুবিধা যুক্ত করে বাজারে এসেছে নিজে প্রয়োগযোগ্য ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’। দেশে প্রথমবারের মতো এ ধরনের ইনজেকশন বাজারজাত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর মাধ্যমে প্রতিদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া কিংবা স্বাস্থ্যকর্মীর সহায়তায় ইনজেকশন নেওয়ার বিকল্প হিসেবে নারীরা নিজেরাই ত্বকের নিচে ওষুধটি প্রয়োগ করতে পারবেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই ইনজেকশন বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। মেডোজেন সাবকিউতে রয়েছে ১০৪ মিলিগ্রাম মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট। এটি ত্বকের নিচে প্রয়োগের জন্য তৈরি করা হয়েছে।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পাওয়া এ ধরনের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের মধ্যে মেডোজেন সাবকিউ বিশ্বের প্রথম জেনেরিক সংস্করণ। একই সঙ্গে ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা বাংলাদেশে এটিই প্রথম নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন।
তিন মাসে একবার প্রয়োগ
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই ইনজেকশন প্রতি তিন মাসে একবার নিতে হয়। অর্থাৎ ১২ থেকে ১৪ সপ্তাহের মধ্যে ত্বকের নিচে ওষুধটি প্রয়োগ করতে হবে। ফলে প্রতিদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার প্রয়োজন হবে না। পাশাপাশি প্রতিবার ইনজেকশন নেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার বাধ্যবাধকতাও কমবে।
এতে নারীরা নিজেদের সুবিধা অনুযায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সুযোগ পাবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে নিয়মিত বড়ি খাওয়ার পরিবর্তে নির্দিষ্ট সময় পরপর ইনজেকশন নেওয়ার এই পদ্ধতি তাঁদের জন্য সুবিধাজনক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতি ডোজের দাম ৫৫০ টাকা
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, মেডোজেন সাবকিউয়ের প্রতি ডোজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। প্রতিষ্ঠানটির হিসাব বলছে, প্রতিদিন সেবনযোগ্য জন্মনিয়ন্ত্রণ বড়ির তুলনায় এই পদ্ধতিতে ব্যয় ৫ দশমিক ৫২ গুণ কম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটির (এফএসএসবি) মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী। তিনি বলেন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে নারীর ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, নারীরা সাধারণত এমন পদ্ধতি পছন্দ করেন, যা কার্যকর হওয়ার পাশাপাশি গোপনীয়তা বজায় রাখে এবং ব্যবহারে সুবিধাজনক। প্রয়োজন হলে পদ্ধতিটি বন্ধ করার সুযোগ থাকা এবং নিজেরাই প্রয়োগ করতে পারার বিষয়টিও তাঁদের কাছে বিবেচ্য।
নতুন এই ইনজেকশন বাজারে আসার ফলে নারীদের জন্য জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে আরও একটি বিকল্প যুক্ত হলো। তবে ওষুধটি ব্যবহারের আগে ব্যক্তিগত স্বাস্থ্যগত অবস্থা ও উপযোগিতা বিবেচনায় চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।