• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > জ্বালানি সংকটে শিল্প উৎপাদন কমছে, কারখানায় নিয়োগেও ভাটা

জ্বালানি সংকটে শিল্প উৎপাদন কমছে, কারখানায় নিয়োগেও ভাটা

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬
  • ১৭

---

ইবি রিপোর্ট

দেশের শিল্প খাতে উৎপাদন ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। জ্বালানি সংকট, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও ব্যবসায়িক অনিশ্চয়তায় কারখানাগুলো চাপে রয়েছে। এর প্রভাবে নতুন কর্মী নিয়োগ এবং যন্ত্রপাতি কেনার সিদ্ধান্তও পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অভ ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে এমন চিত্র উঠে এসেছে।

১৩০টি কারখানার ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মাঝারি ও বৃহৎ শিল্পের প্রকৃত উৎপাদন কমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় উৎপাদন হ্রাসের হার ছিল ০.৪ শতাংশ। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাব, উপকরণের বাড়তি মূল্য ও ব্যবসায়িক আস্থার সংকট উৎপাদনকারীদের চাপে রেখেছে। পাশাপাশি নতুন যন্ত্রপাতি কেনার আগ্রহও কমেছে প্রতিষ্ঠানগুলোর।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে ব্যবসার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছে ৯৩ শতাংশ কারখানা। প্রায় পাঁচটির মধ্যে চারটি প্রতিষ্ঠান একক বৃহত্তম সমস্যা হিসেবে জ্বালানি সরবরাহের ঘাটতির কথা জানিয়েছে।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস মিলনায়তনে জরিপটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক কাজী ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

কর্মী নিয়োগ ও যন্ত্রপাতি বিনিয়োগে পতন

উৎপাদন কার্যক্রমের ধীরগতি কর্মসংস্থানেও প্রভাব ফেলেছে। জরিপভুক্ত ১৩০টি কারখানায় ২০২৬ সালের এপ্রিল-জুনে কর্মী ছিলেন ১ লাখ ৩৫ হাজার ৭০০ জন। আগের বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ৩৭ হাজার ১০০ জন। ফলে কর্মী সংখ্যা কমেছে প্রায় ১ শতাংশ।

এক প্রান্তিকে কারখানাপ্রতি গড় নতুন নিয়োগ ৩৯ জন থেকে কমে ৩২ জনে দাঁড়িয়েছে। এতে নিয়োগ কমেছে ১৯ শতাংশ। একই সময়ে চাকরি ছেড়ে যাওয়া কর্মীর সংখ্যাও কাছাকাছি হারে কমেছে। অর্থাৎ কর্মী হারানোর চেয়ে নতুন নিয়োগ সীমিত করাই প্রতিষ্ঠানগুলোর প্রবণতা।

২০২৭ সালে কারখানাগুলো ৭ হাজার ৬৯১ জন নিয়োগের পরিকল্পনা করেছে। অথচ ২০২৫ সালে নিয়োগ দেওয়া হয়েছিল ১২ হাজার ৩৭৯ জন। যন্ত্রপাতি কেনার ক্ষেত্রেও বড় পতন দেখা গেছে। ২০২৫ সালের এপ্রিল-জুনে কারখানাপ্রতি গড় বিনিয়োগ ছিল ১ কোটি ৭৬ লাখ টাকা। ২০২৬ সালে একই সময়ে তা কমে ১১ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা প্রায় ৯৪ শতাংশ হ্রাস। ওষুধ ও রাসায়নিক খাত বাদে প্রায় সব শিল্পেই এই প্রবণতা দেখা গেছে।

জ্বালানি ও কাঁচামালের ব্যয় বাড়ছে

এ প্রান্তিকে কারখানাগুলোতে দৈনিক গড় বিদ্যুৎ বিভ্রাট ছিল ৪.১ ঘণ্টা। আগের বছরের তুলনায় এই সময় দ্বিগুণ হয়েছে। পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর সরবরাহ বিঘ্ন দৈনিক ০.৯ ঘণ্টা থেকে বেড়ে ৩.২ ঘণ্টায় পৌঁছেছে।

বিদ্যুৎ সরবরাহে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশ হয়েছে। গ্যাস সরবরাহে সন্তুষ্টিও ৭০ শতাংশ থেকে নেমে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ায় কারখানাগুলোর ব্যয়ও বেড়েছে।

কারখানাপ্রতি গড় ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৫ শতাংশ বেড়ে ৩ কোটি ৩২ লাখ টাকা হয়েছে। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ব্যয় বেড়েছে ২৫ শতাংশ, জেনারেটরের জ্বালানি ১৫ শতাংশ এবং বিদ্যুৎ বিল ৮ শতাংশ।

কাঁচামালের দাম বৃদ্ধির কথা জানিয়েছে ৯৪ শতাংশ কারখানা। গড় ত্রৈমাসিক কাঁচামাল ব্যয় ২ শতাংশ বেড়ে ৮৭ কোটি ৬০ লাখ টাকায় পৌঁছেছে। এর তিন-চতুর্থাংশের বেশি আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক মূল্য পরিবর্তন ও সরবরাহ বিঘ্নের ঝুঁকি বাড়ছে।

টেক্সটাইল খাতে উৎপাদন সবচেয়ে বেশি কমেছে

শিল্প খাতগুলোর মধ্যে টেক্সটাইলে উৎপাদন কমেছে ২০ শতাংশ। সক্ষমতার ব্যবহার ৭৩ শতাংশ থেকে নেমে ৫৫ শতাংশ হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণে উৎপাদন ৯ শতাংশ, সিমেন্ট ও সিরামিকে ৬ শতাংশ কমেছে। তবে অটোমোবাইল উৎপাদন ২২ শতাংশ, পাট ১৩ শতাংশ এবং আসবাব ৮ শতাংশ বেড়েছে। তৈরি পোশাকে প্রবৃদ্ধি হয়েছে ২ শতাংশ।

সামগ্রিক সক্ষমতার ব্যবহার ৬৭ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশ হয়েছে। সক্ষমতার অর্ধেকের কম ব্যবহার করা কারখানা ১৯টি থেকে বেড়ে ২৮টিতে দাঁড়িয়েছে।

ব্যবসায়িক আস্থা ও প্রবৃদ্ধির প্রত্যাশা

জরিপে ৫০ পয়েন্টকে অপরিবর্তিত অবস্থার মানদণ্ড ধরা হয়েছে। ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের সূচক ৩৪ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা ৩৬ পয়েন্টে রয়েছে। ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, আগের তিন মাসের তুলনায় তাদের মুনাফা কমেছে। তবে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের উৎপাদন প্রত্যাশা সূচক ৫৪, যা সামান্য উন্নতির সম্ভাবনা দেখায়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বৃহৎ শিল্প উৎপাদন সূচকে এপ্রিল-জুন ২০২৬ সময়ে ১১ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়েছে। বিপরীতে বিআইডিএস-বিসিআই জরিপে উৎপাদন আগের বছরের গড় ত্রৈমাসিক মাত্রার চেয়ে কিছুটা কম পাওয়া গেছে। তবে ২০২৫ সালের একই সময়ে দুটি ঈদের ছুটি থাকায় উৎপাদন ব্যাহত হয়েছিল, যা তুলনাকে জটিল করেছে।

জরিপে ১৪টি শিল্প খাত অন্তর্ভুক্ত হয়েছে, যা মাঝারি ও বৃহৎ শিল্পের মোট উৎপাদনের প্রায় ৯০ শতাংশ। প্রথম প্রান্তিকের ফলাফল ১৩০টি কারখানার সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি।

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, জরিপের মাধ্যমে শিল্প উৎপাদন, উপকরণ ব্যয়, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাব পর্যবেক্ষণে ত্রৈমাসিক সূচক তৈরি করা হবে। এসব সূচক প্রতিষ্ঠায় কয়েক দফা তথ্য সংগ্রহের প্রয়োজন হবে।

তিনি বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে ব্যাপক কর্মসংস্থান তৈরিতে উৎপাদনশীল শিল্পের বিকল্প নেই। শুধু তৈরি পোশাক খাতের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়। শিল্প বহুমুখীকরণ, নতুন বিনিয়োগ, উৎপাদনশীলতা বৃদ্ধি ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর আহ্বান জানান তিনি। এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় শিল্পের সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দেন বিসিআই সভাপতি।

অনুষ্ঠানে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, দেশবন্ধু সিমেন্ট মিলসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম শাহাদাত হোসেন সোহেল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24116 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 10:33:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh