![]()
ইবি রিপোর্ট
প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ গড়ে তোলা এবং উদ্ভাবনী ব্যবসার বিকাশে উদ্যোক্তাদের জন্য ১ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত সরকারি অনুদানের সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালন নীতিমালা, ২০২৬ প্রকাশ করেছে সরকার। নতুন এই নীতিমালায় বাংলাদেশি উদ্যোক্তাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদেরও আবেদনের সুযোগ রাখা হয়েছে।
গত ১২ নভেম্বর নীতিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক নতুন স্টার্টআপকে বিভিন্ন পর্যায়ে আর্থিক সহায়তা দেওয়ার বিধান রাখা হয়েছে। তবে আবেদনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশে নতুন করে নিবন্ধিত হতে হবে। বড় কোনো প্রতিষ্ঠান ভেঙে নতুন স্টার্টআপ তৈরি করা হলে সেই উদ্যোগ অনুদানের জন্য বিবেচিত হবে না।
নীতিমালা অনুযায়ী, ব্যবসার পর্যায় ও উদ্যোগের ধরন বিবেচনায় অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে। নতুন ব্যবসার ধারণা বাস্তবায়নের জন্য ১ লাখ থেকে ৩ লাখ টাকা দেওয়া হবে। পণ্যের প্রাথমিক নমুনা বা এমভিপি তৈরির ক্ষেত্রে পাওয়া যাবে ৩ লাখ থেকে ১০ লাখ টাকা।
অন্যদিকে, ব্যবসা সম্প্রসারণ এবং বিনিয়োগের জন্য প্রস্তুতি নেওয়ার পর্যায়ে ১০ লাখ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত অনুদানের সুযোগ রয়েছে। বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া যাবে।
একজন ব্যক্তি এককভাবে আবেদন করলে এমভিপি তৈরির জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা অনুদান পেতে পারেন। অনুদান অনুমোদনের ক্ষেত্রেও নির্দিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। ৩০ লাখ টাকা পর্যন্ত অনুদানের অনুমোদন দেবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব। আর ৩০ লাখ টাকার বেশি থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে মন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে।
অনুদানের অর্থ একবারে না দিয়ে কাজের অগ্রগতি বিবেচনায় কয়েকটি ধাপে ছাড় করা হবে। অর্থ ব্যবহারের পাশাপাশি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন জমা দিতে হবে উদ্যোক্তাদের।
অনুদানের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরেজমিনে প্রকল্প পরিদর্শন এবং আর্থিক নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তাদের সহায়তায় পরামর্শক দল এবং ন্যাশনাল স্টার্টআপ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ থাকবে।
তবে গেজেটে আবেদনের শেষ তারিখ কিংবা অনলাইন প্ল্যাটফর্মের ঠিকানা উল্লেখ করা হয়নি। এসব বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।
উদ্যোক্তা এনায়েত রশীদ নীতিমালাটিকে ভালো উদ্যোগ হিসেবে দেখছেন। তবে তাঁর মতে, এর প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের ওপর। অর্থাৎ অনুদান বিতরণের প্রক্রিয়া, উদ্যোক্তাদের কাছে সহায়তা পৌঁছানো এবং প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের কার্যকারিতাই নির্ধারণ করবে এই উদ্যোগ কতটা সফল হবে।