![]()
ইবি রিপোর্ট
দেশে আগুনসন্ত্রাস, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লাশের রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণের ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে দলটি অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন করেন সমাজকল্যাণমন্ত্রী।
আলাপকালে ডা. জাহিদ হোসেন প্রশ্ন তুলে বলেন, কারা আগুনসন্ত্রাস করছে, সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিচ্ছে এবং মানুষকে ছুরিকাঘাত করছে, তা ইতিহাস থেকেই জানা যায়। হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনাগুলোর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত একটি দলের অতীত কর্মকাণ্ডের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ১৯৭২ সাল থেকেই দলটি এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ওই সময় মানুষের ওপর গুলি চালিয়ে ১ হাজার ৪০০ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ৩০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে ডা. জাহিদ হোসেন বলেন, দলটি আবারও আগের পদ্ধতিতে শক্তি প্রয়োগ করে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। একই সঙ্গে নিজেদের মতামত সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের অবস্থান জানিয়েছে। দেশের মানুষ গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয়, তা জানে। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থা ধরে রাখা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার বিষয়েও জনগণ সচেতন। দেশের ভবিষ্যৎ নির্ধারণে অতীতে এ দেশের মানুষ ভুল সিদ্ধান্ত নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।
যারা ভবিষ্যতে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে এবং আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের মোকাবিলার সক্ষমতা দেশের মানুষের রয়েছে বলে মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড কীভাবে প্রতিহত করতে হয়, তা জনগণ জানে।
জনসভাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান এবং কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন।
এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।