• হোম > লাইফ স্টাইল > মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বসেরার মুকুট জিতলেন জেনিফার বারেতো

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বসেরার মুকুট জিতলেন জেনিফার বারেতো

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৮
  • ২৮

---

ইবি রিপোর্ট

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতে নিয়েছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেতো। হীরকজয়ন্তীর বিশেষ এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বিজয়ী হন তিনি। প্রতিযোগিতার বর্তমান মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। এর মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা অর্জন করল পুয়ের্তো রিকো।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। দ্বিতীয় রানারআপের স্থান পেয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ। চূড়ান্ত পর্বের সেরা পাঁচে জায়গা করে নেয় ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও পুয়ের্তো রিকোর প্রতিযোগীরা।

চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের সামনে একই প্রশ্ন রাখা হয়। প্রশ্নটি ছিল, ‘এই মুহূর্তে বিশ্বের নেতাদের কাছ থেকে সবচেয়ে বেশি কী প্রয়োজন?’ জবাবে জেনিফার বারেতো বলেন, বিশ্বে এখন এমন নেতৃত্ব প্রয়োজন, যেখানে পেশাগত দক্ষতার পাশাপাশি সহমর্মিতাও থাকবে। তার মতে, মানুষ প্রায়ই অন্যদের বিচার করে এবং প্রশ্নবিদ্ধ করে। তবে একজন নেতার দায়িত্ব হলো নিজের মূল্যবোধ ধরে রাখা, কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা এবং নেতৃত্বের মান উন্নত করা।

জেনিফার আরও বলেন, মানুষের প্রয়োজন ও সমস্যাকে বিবেচনায় নিয়ে নেতৃত্ব পরিচালনা করতে হবে। নেতারা যদি নিজ নিজ জনগোষ্ঠীর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের চাহিদা অনুযায়ী পরিকল্পনা করেন, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

এই জয়ের ফলে মিস ইউনিভার্সের ইতিহাসে ষষ্ঠবার শিরোপা পেল পুয়ের্তো রিকো। এর আগে দেশটির হয়ে বিজয়ী হয়েছিলেন মারিসল মালারেত (১৯৭০), ডেবোরা কার্থি-দেউ (১৯৮৫), দায়ানারা টরেস (১৯৯৩), ডেনিস কুইনোনেস (২০০১) ও জুলেইকা রিভেরা (২০০৬)। এ নিয়ে দ্বিতীয়বার নিজেদের মাটিতে এই প্রতিযোগিতার শিরোপা জিতল দেশটি। এর আগে ২০০১ সালে পুয়ের্তো রিকোয় আয়োজিত আসরে বিজয়ী হয়েছিলেন ডেনিস কুইনোনেস।

প্রতিযোগিতাটির ৭৫তম আসর ছিল হীরকজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজন। এ উপলক্ষে তৈরি করা হয় নতুন একটি মুকুট, যার নাম ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মুকুটটিতে রয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। প্রতিযোগিতার ৭৫ বছরের ইতিহাস, বর্তমান ও ভবিষ্যৎকে প্রতীকীভাবে তুলে ধরতে এই নাম নির্বাচন করা হয়েছে।

এবারের আসরে ১৩০টির বেশি দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে কয়েকটি দেশের প্রতিনিধিরা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। ভিসা জটিলতা, ফ্র্যাঞ্চাইজি বিরোধ ও ব্যক্তিগত কারণ ছিল এর পেছনে। অস্ট্রিয়ার ভিক্টোরিয়া আমারসন মানসিক ও শারীরিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে অংশগ্রহণ প্রত্যাহার করেন। গাড়ি দুর্ঘটনার কারণে সরে দাঁড়ান বুলগেরিয়ার আনা-মারিয়াও।

করপোরেট ও ফ্র্যাঞ্চাইজি-সংক্রান্ত বিরোধের কারণে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়া এবারের আসরে অংশ নেয়নি। অন্যদিকে ভিসা জটিলতায় নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও কঙ্গো প্রজাতন্ত্রের প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারেননি।

এদিকে ইসরায়েলের প্রতিযোগী ড্যানিয়েল ইয়াবলোনকার জাতীয় পোশাক পর্ব ঘিরেও বিতর্ক দেখা দেয়। জেরুজালেমের পুরোনো শহরের আদলে তৈরি সোনালি পোশাক পরে মঞ্চে হাজির হন তিনি। পোশাকটিতে ইংরেজি, আরবি ও হিব্রু ভাষায় ‘শান্তি’ শব্দটি লেখা ছিল। তবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপটে পোশাকটির বার্তা নিয়ে দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়। মঞ্চে তাকে দুয়োও দেওয়া হয়।

পুয়ের্তো রিকোর সান হুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল আগ্রেলট কোলিসিয়ামে অনুষ্ঠিত হয় এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, মিস ইউনিভার্সের ৭৬তম আসর বসবে ভিয়েতনামে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24100 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 11:47:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh