![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশে জেলাভিত্তিক প্রজনন হারে বড় ধরনের বৈষম্য দেখা গেছে। নারীদের মোট প্রজনন হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ভোলায়, ৩ দশমিক ৫০। বিপরীতে খুলনা বিভাগের বাগেরহাটে এ হার মাত্র ১ দশমিক ৫০। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ জরিপে দেশের প্রজনন হার, বাল্যবিবাহ এবং শিশুদের ওপর নির্যাতনের এমন চিত্র উঠে এসেছে।
‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ শীর্ষক প্রতিবেদনটি মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশ করেছে বিবিএস। এতে বলা হয়েছে, দেশে জাতীয় পর্যায়ে নারীদের মোট প্রজনন হার (টিএফআর) ২ দশমিক ৪০। সেই হিসাবে ভোলার প্রজনন হার জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
জেলাভিত্তিক তালিকায় ভোলার পরেই রয়েছে ঢাকা বিভাগের মাদারীপুর। জেলাটিতে প্রজনন হার ৩ দশমিক ৩০। নোয়াখালীতে এ হার ৩ দশমিক ০০। লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০ এবং ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও গাইবান্ধায় ২ দশমিক ৮০।
অন্যদিকে বাগেরহাটের পর সর্বনিম্ন প্রজনন হার রয়েছে যশোর, রাজবাড়ী ও নওগাঁয়, প্রতিটি জেলায় ১ দশমিক ৭০। কুষ্টিয়া ও মানিকগঞ্জে এ হার ১ দশমিক ৮০। গাজীপুর, মেহেরপুর ও রাজশাহীতে প্রজনন হার ১ দশমিক ৯০।
বিভাগভিত্তিক হিসাবে বরিশালে প্রজনন হার সর্বোচ্চ ২ দশমিক ৬০। চট্টগ্রামে ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০ এবং ঢাকা ও রাজশাহীতে ২ দশমিক ২০। খুলনা বিভাগে এ হার সবচেয়ে কম, ২ দশমিক ০০।
প্রতিবেদন তৈরিতে দেশের ৬৪টি জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৬২ হাজার ৯৮০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জরিপের আগের তিন বছরে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের প্রজননসংক্রান্ত তথ্যের ভিত্তিতে মোট প্রজনন হার নির্ধারণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, দীর্ঘদিন ধরে দেশে মোট প্রজনন হার ২ দশমিক ৩-এ স্থিতিশীল ছিল। তবে ২০২৫ সালে তা বেড়ে ২ দশমিক ৪ হয়েছে। একই সময়ে গর্ভনিরোধক ব্যবহারের হার ৪ শতাংশ কমেছে এবং পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা বেড়েছে।
তার মতে, গর্ভনিরোধক ব্যবহার কমে যাওয়া, প্রজনন হার বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা বাড়ার বিষয়গুলো উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় ২০২৫-২০৩০ মেয়াদের পরিবার পরিকল্পনা কৌশল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, মাঠপর্যায়ে পর্যাপ্ত জনবল নিয়োগ, গর্ভনিরোধক সরবরাহ নিশ্চিত এবং সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো প্রয়োজন। বিশেষ করে যেসব জেলায় প্রজনন হার বেশি, সেখানে আলাদা উদ্যোগ নিতে হবে। সুনির্দিষ্ট পরিমাণগত লক্ষ্য নির্ধারণ ও কার্যকর বাস্তবায়ন ছাড়া এ হার নিয়ন্ত্রণ কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিবিএসের জরিপে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহের ক্ষেত্রেও জেলাভিত্তিক বৈষম্যের তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই।
জেলাভিত্তিক হিসাবে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৭৩ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ জেলাটিতে ২০ থেকে ২৪ বছর বয়সী প্রতি চারজন নারীর মধ্যে প্রায় তিনজনের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে।
এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা, যেখানে হার ৬৭ দশমিক ৯ শতাংশ। ভোলায় ৬৫ শতাংশ, সিরাজগঞ্জে ৬৩ দশমিক ১ শতাংশ, কুষ্টিয়ায় ৬২ দশমিক ৯ শতাংশ, যশোরে ৬২ দশমিক ৩ শতাংশ, টাঙ্গাইলে ৬১ দশমিক ১ শতাংশ, মাগুরায় ৬১ দশমিক ০৯ শতাংশ, বগুড়ায় ৫৫ দশমিক ১৮ শতাংশ এবং পাবনায় ৫২ দশমিক ৫৫ শতাংশ।
বাল্যবিবাহের হার সবচেয়ে কম সিলেটে, ১২ দশমিক ৮ শতাংশ। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ২৪ দশমিক ৪ শতাংশ করে এবং হবিগঞ্জে ২৭ দশমিক ৪ শতাংশ। চট্টগ্রামে এ হার ২৯ শতাংশ। সামগ্রিকভাবে সিলেট বিভাগে বাল্যবিবাহের প্রবণতা সবচেয়ে কম।
জরিপে শিশুদের ওপর শারীরিক শাস্তি ও মানসিক নির্যাতনের উচ্চ হারও উঠে এসেছে। দেশে ১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৮৫ দশমিক ৭ শতাংশ জরিপের আগের এক মাসে কোনো না কোনো ধরনের শারীরিক শাস্তি অথবা মানসিক নির্যাতনের শিকার হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে এ হার সবচেয়ে বেশি বান্দরবানে, ৯৮ দশমিক ৭৭ শতাংশ। দিনাজপুরে ৯৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৯৪ দশমিক ২৩ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৯৩ দশমিক ৮৪ শতাংশ এবং খাগড়াছড়িতে ৯৩ দশমিক ৫৫ শতাংশ।
অন্যদিকে শিশুদের প্রতি সহিংস আচরণের হার সবচেয়ে কম সিলেটে, ৬৩ দশমিক ৫১ শতাংশ। চাঁদপুরে এ হার ৭১ দশমিক ১৭ শতাংশ, বরগুনায় ৭৩ দশমিক ৬৩ শতাংশ এবং নওগাঁয় ৭৫ দশমিক ১১ শতাংশ।