• হোম > অর্থনীতি | জাতীয় | বাংলাদেশ > ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা

ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৫
  • ১৯

---

ইবি রিপোর্ট

দীর্ঘ আলোচনা ও মালিক-শ্রমিকপক্ষের মতবিরোধের অবসান ঘটিয়ে ভোটাভুটির মাধ্যমে তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। শ্রমিকপক্ষের দাবি ছিল ১৮ হাজার টাকা, অন্যদিকে মালিকপক্ষ ১৭ হাজার টাকার প্রস্তাবে অনড় ছিল। শেষ পর্যন্ত ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। নির্ধারিত মজুরিতে পুরোপুরি সন্তুষ্ট না হলেও সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছে শ্রমিকপক্ষ।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টার পর বোর্ডের সভা শেষে সাংবাদিকদের কাছে নতুন মজুরি কাঠামোর সিদ্ধান্ত তুলে ধরেন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। তিনি জানান, আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।

ঘোষিত কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। বর্তমান মজুরির তুলনায় এ হার ৪৩ শতাংশ বেশি। দ্বিতীয় গ্রেডে মজুরি হবে ২০ হাজার টাকা, যা আগের তুলনায় ৪০.১১ শতাংশ বেশি। তৃতীয় গ্রেডের শ্রমিকদের জন্য নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার টাকা। এ ক্ষেত্রে বৃদ্ধির হার ৪০.২২ শতাংশ। আর অপারেটরসহ চতুর্থ গ্রেডের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি হবে ১৭ হাজার টাকা।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার বলেন, ‘যে মজুরি ঘোষণা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। কিন্তু যেহেতু ঘোষণা হয়েছে, ইচ্ছা না থাকলেও আমাদের মেনে নিতে হবে।’

তবে আগের মজুরি বৃদ্ধির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘এর আগে পাঁচ বছর পর মজুরি বেড়েছিল ৪ হাজার ৫০০ টাকা। এবার তিন বছরে বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। সে কারণে আমরা সন্তুষ্ট না হলেও এটি একেবারে কম নয়।’

নতুন মজুরি কাঠামো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাবুল আক্তার। তার পরামর্শ, ভবিষ্যতে শ্রমিকদের অন্য কোনো দাবি থাকলে তা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

শ্রমিকদের ন্যায্য ও জীবনধারণের উপযোগী বেতন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বাবুল আক্তার বলেন, ‘আমাদের উচিত ছিল ন্যায্য ও বেঁচে থাকার মতো মজুরি নিশ্চিত করা। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের ন্যূনতম মজুরি নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।’

এদিকে আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়েছেন শ্রমিকপক্ষের এই প্রতিনিধি। তিনি জানান, এসব বিষয়ে বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হবে।

আন্দোলন ও বেআইনি কর্মকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে বাবুল আক্তার বলেন, ‘কেউ আন্দোলন করলে বা অন্য কারও প্ররোচনায় বেআইনি কাজ করলে, যার যার দায় তাকেই নিতে হবে। রাষ্ট্রের আইন অনুযায়ী সরকার বিষয়টি খতিয়ে দেখবে।’

ব্রিফিংয়ে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন পোশাকশিল্পের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘গার্মেন্টস খাত একটি সংবেদনশীল খাত। অন্য কোনো খাত এখনো এর বিকল্প হিসেবে গড়ে ওঠেনি। অর্থনীতির স্বার্থে এই খাতকে টিকিয়ে রাখতে আমরা সবাই চেষ্টা করব।’

বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানান, বোর্ডের ইতিহাসে এবার সবচেয়ে কম সময়ের মধ্যে মজুরি নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। তার ভাষায়, ‘মাত্র ২০ দিনের ব্যবধানে সিদ্ধান্ত হয়েছে। এটি একটি ঐতিহাসিক মাইলফলক।’ তবে দীর্ঘ আলোচনার পরও কোন পর্যায়ে সমঝোতা আটকে ছিল, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি। চেয়ারম্যান বলেন, ‘আলোচনা কোথায় আটকে ছিল, তা প্রকাশ করব না।’

নতুন কাঠামোয় সর্বনিম্ন মজুরি বর্তমান ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১৭ হাজার টাকা হয়েছে। অর্থাৎ শ্রমিকদের সর্বনিম্ন বেতন বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। তবে ১৯৮৬ সালে প্রথম মজুরি কাঠামো চালুর পর কয়েক দশকের মধ্যে এবারই সর্বনিম্ন মজুরি বৃদ্ধির হার সবচেয়ে কম।

পোশাকশিল্পে প্রথমবার ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে ৪৮.৩ শতাংশ বাড়িয়ে তা ৯৩০ টাকা করা হয়। ২০০৬ সালে ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়ে মজুরি দাঁড়ায় ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। ২০১০ সালে ৮০.৫ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয় ৩ হাজার টাকা।

পরবর্তী সময়ে ২০১৩ সালে রানা প্লাজা ধস, শ্রমিকদের বিক্ষোভ এবং আন্তর্জাতিক সমালোচনার পর ন্যূনতম মজুরি ৭৬.৭ শতাংশ বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা করা হয়। ২০১৮ সালে ৫১ শতাংশ বৃদ্ধি করে তা ৮ হাজার টাকা এবং ২০২৩ সালে ৫৬.২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আগের মজুরি কাঠামো সংশোধনের তিন বছর পর এবার নতুন প্রস্তাব চূড়ান্ত হলো। আগে আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর পর ন্যূনতম মজুরি পর্যালোচনার বিধান ছিল। পরে শ্রম আইনের সংশোধনীর মাধ্যমে পর্যালোচনার সময়সীমা কমিয়ে তিন বছর করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24080 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 01:31:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh