![]()
ইবি রিপোর্ট
নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করেও পোশাকশ্রমিকদের অসন্তোষ কাটাতে পারেনি সরকার। ১৭ হাজার টাকার মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভে নেমেছেন শ্রমিকদের একটি অংশ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ এবং টিয়ারশেল ব্যবহারের ঘটনা ঘটেছে। অন্যদিকে সাভার ও আশুলিয়ায় বন্ধ রয়েছে ২৫টি পোশাক কারখানা।
সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে ওই সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন। গাজীপুরের একাধিক স্থানে তাদের আন্দোলন ছড়িয়ে পড়ে। মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ তৎপরতা শুরু করে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, জেলার কয়েকটি স্থানে শ্রমিকদের বিক্ষিপ্ত আন্দোলন চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও শ্রমিকদের বুঝিয়ে, আবার কোথাও শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করেছে। পরিস্থিতি বিবেচনায় সকাল ১০টা পর্যন্ত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
এদিকে তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পরও শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ২৫টি কারখানা বন্ধ রয়েছে। কয়েকটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতিও অব্যাহত আছে।
প্রায় এক মাস ধরে চলা আন্দোলন, মহাসড়ক অবরোধ, সংঘর্ষ এবং শত শত কারখানায় ছুটি ঘোষণার পর মঙ্গলবার রাতে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে নিম্নতম মজুরি বোর্ড। তবে সিদ্ধান্ত ঘোষণার পর শ্রমিকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। একাংশ নতুন মজুরি মেনে কাজে ফেরার পক্ষে থাকলেও অন্য অংশ তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার দুপুর ২টায় শুরু হওয়া নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা চলে রাত প্রায় ২টা পর্যন্ত। সমঝোতা না হওয়ায় ছয় সদস্যের মধ্যে গোপন ভোট অনুষ্ঠিত হয়। এতে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে ভোট দেন।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী রাত সোয়া ৪টায় এক ব্রিফিংয়ে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে গ্রেড-৪ বা সর্বনিম্ন ধাপে ১৭ হাজার টাকা, গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা। সেই হিসাবে নতুন কাঠামোয় এই ধাপে বেতন বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা, যা ৩৬ শতাংশ।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী জানুয়ারিতে শ্রমিকরা নতুন কাঠামোর বেতন পাবেন।
মজুরি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রমিকদের একটি অংশ সন্তোষ প্রকাশ করেছেন। তাদের কেউ লিখেছেন, ‘রাত ৩টায় ১৭ হাজার টাকা ঘোষণা হয়েছে, আলহামদুলিল্লাহ।’ আরেকজনের মন্তব্য, ‘সব নাটকের পর অবশেষে ১৭ হাজার টাকা নির্ধারণ হলো।’
এই শ্রমিকদের মতে, দীর্ঘদিন কারখানা বন্ধ থাকা, ছুটি, বেতন নিয়ে অনিশ্চয়তা এবং আন্দোলনের কারণে কর্মজীবনে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসা জরুরি। ৩০ হাজার টাকার দাবি পূরণ না হলেও ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার টাকায় বেতন বৃদ্ধি তাদের কাছে গ্রহণযোগ্য। তারা কাজে ফিরে ডিসেম্বর থেকে নতুন কাঠামোয় বেতন পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
তবে শুরু থেকেই ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন করা শ্রমিকদের একটি অংশ বোর্ডের সিদ্ধান্ত মানতে নারাজ। তাদের বক্তব্য, বাসাভাড়া, খাবার, চিকিৎসা ও যাতায়াত ব্যয় বেড়ে যাওয়ায় ১৭ হাজার টাকা দিয়ে পরিবারের খরচ চালানো সম্ভব নয়। বুধবার সকালেও বিভিন্ন এলাকায় তাদের বিক্ষোভ করতে দেখা গেছে।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বোর্ডের বৈঠকে শেষ পর্যন্ত ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ভোটাভুটিতে তার প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তে তাদের প্রতিনিধিদের মতামতের প্রতিফলন ঘটেনি।
এর আগে মঙ্গলবার দিনভর ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এসব ঘটনার পর ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
বুধবার গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় আবারও শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়েছে। টঙ্গীর সাতাইশ, ভোগড়া, নাওজোড় এবং শ্রীপুরের আনসার রোডসহ বিভিন্ন স্থানে তারা মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বেতন বাড়ানোর দাবি জানাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, আবার কোথাও সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে।