• হোম > রাজনীতি > প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দলকে নিয়ে বসতে চায় জামায়াত

প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দলকে নিয়ে বসতে চায় জামায়াত

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০০:০৫
  • ৮

---

ইবি রিপোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগে অংশ নিতে আগ্রহী জামায়াতে ইসলামী। তবে এককভাবে আলোচনায় না গিয়ে ১১-দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়ে সংলাপে বসতে চায় সংসদের বিরোধী দলটি। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য রাজনৈতিক দলকেও আলোচনায় আমন্ত্রণ জানানোর পক্ষে মত দিয়েছে জামায়াত।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও মতবিনিময় বাড়াতে প্রধানমন্ত্রীর উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে দলটি। জামায়াতের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সংলাপ নিয়ে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। দলটিও তাদের অবস্থান সরকারকে জানিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, দু-এক দিন আগে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করে দলের আমির কবে বিদেশ থেকে ফিরবেন, তা জানতে চাওয়া হয়। তিনি দেশে ফেরার পর সংলাপ নিয়ে আলোচনা হতে পারে। সরকার আলোচনার আয়োজন করলে ১১-দলীয় ঐক্যের সব শরিককে নিয়ে বসার অনুরোধ জানানো হবে। এ ক্ষেত্রে এনসিপিকেও অন্তর্ভুক্ত করার পক্ষে দলটির অবস্থান রয়েছে।

জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা ও সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত সংলাপের সময় নির্ধারণ হয়নি। আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে জামায়াতের সম্মতি সরকারকে জানানো হয়েছে। তবে দলটি ১১-দলীয় ঐক্যের প্রতিনিধিদের সঙ্গে একযোগে সংলাপে অংশ নিতে চায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ নভেম্বর শেষ হওয়া সংসদের চতুর্থ অধিবেশনের বিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়। সেখানে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সর্বদলীয় গণমিছিল আয়োজনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এর পরিবর্তে বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগবিরোধী দলগুলোর মধ্যে সংলাপ আয়োজনের পরামর্শ দেন। একই দিন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও যুক্তরাজ্যে অবস্থান করায় তা হয়নি।

রোববার সন্ধ্যায় দেশে ফেরেন নাহিদ ইসলাম। ওই রাতেই রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১-দলীয় ঐক্যের নেতাদের প্রায় দেড় ঘণ্টার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। নাহিদ উপস্থিত না থাকলেও এনসিপির প্রতিনিধিরা জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে মতবিনিময়ের আমন্ত্রণ জানানো হয়েছে। পরে জোটের নেতারা নাহিদকে এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পরামর্শ দেন। পাশাপাশি সরকার ১১-দলীয় ঐক্যকে সংলাপে ডাকলে সবাই অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তী আলোচনাগুলোতে এনসিপিকে সঙ্গে রাখার বিষয়েও মত দেন তারা।

এর ধারাবাহিকতায় সোমবার দুপুরে সচিবালয়ে এনসিপির তিন নেতাকে সঙ্গে নিয়ে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে সংলাপের আলোচনা চলার মধ্যেই জামায়াতের আমির শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। গত ২০ নভেম্বর এক সপ্তাহের সফরে অস্ট্রেলিয়া যান তিনি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সেখান থেকে মালয়েশিয়ায় এক দিনের সফর শেষে বৃহস্পতিবার ফেরার কথা ছিল। তবে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কর্মসূচি স্থগিত করে বুধবারই দেশে ফিরছেন জামায়াত আমির।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24072 ,   Print Date & Time: Tuesday, 24 November 2026, 06:33:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh