• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > সংকট মোকাবিলায় পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক

সংকট মোকাবিলায় পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০০:০৩
  • ৭

---

ইবি রিপোর্ট

আমানতকারীদের অর্থের সুরক্ষা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে পদ্মা ব্যাংককে বিশেষ রেজোলিউশন প্রক্রিয়ায় নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিনের আর্থিক দুরবস্থা, বিপুল খেলাপি ঋণ ও তারল্য সংকটের মধ্যে থাকা ব্যাংকটির পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক এবার সরাসরি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজোলিউশন বিভাগ এ বিষয়ে সার্কুলার জারি করে। এতে বলা হয়, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে পদ্মা ব্যাংককে বিশেষ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখাই এ সিদ্ধান্তের উদ্দেশ্য।

এই ব্যবস্থার আওতায় ব্যাংকটির চলমান সংকট নিরসনে অধ্যাদেশে দেওয়া ক্ষমতা ব্যবহার করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নয়ন এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

পদ্মা ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালে ফারমার্স ব্যাংক নামে। আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে প্রতিষ্ঠিত ব্যাংকটির শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ সামনে আসে। আর্থিক দুরবস্থা ও গ্রাহকদের আস্থার সংকটের কারণে ২০১৭ সালে ব্যাংকটির প্রভাবশালী উদ্যোক্তাদের দায়িত্ব ছাড়তে হয়। পরে পুনরুদ্ধারের উদ্যোগ হিসেবে নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়।

ব্যাংকটির কার্যক্রম টিকিয়ে রাখতে সরকারি চারটি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মূলধন সহায়তা দেয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংকটির চেয়ারম্যান হন। তবে তার নেতৃত্বেও সংকট কাটেনি। ২০২৪ সালের শুরুর দিকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতিগত সহায়তা সত্ত্বেও পদ্মা ব্যাংক খেলাপি ঋণের চাপ ও গ্রাহকদের আস্থাহীনতা কাটিয়ে উঠতে পারেনি। ফলে ব্যাংকটির আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

বর্তমানে ব্যাংকটির মূলধন ঋণাত্মক অবস্থায় রয়েছে। মোট ঋণের ৯২ শতাংশ খেলাপি হয়ে পড়েছে। সুদ আয়ও ঋণাত্মক এবং তারল্য পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। আর্থিক সক্ষমতা পরিমাপের প্রায় সব সূচকেই ব্যাংকটির অবস্থান দুর্বল।

এ পরিস্থিতিতে স্বল্প সময়ের মধ্যে ব্যাংকটির আর্থিক অবস্থার পুনরুদ্ধার কঠিন বলে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ রেজোলিউশন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির সংকট মোকাবিলা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24070 ,   Print Date & Time: Tuesday, 24 November 2026, 06:33:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh