![]()
ইবি রিপোর্ট
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনা, তার ঘনিষ্ঠদের তৎপরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রাজনৈতিক আশ্বাস নিয়ে নিজের ফেসবুক পোস্টে কটাক্ষ করেছেন তিনি। একই সঙ্গে দেশে ফেরার সম্ভাব্য পথ নিয়েও তুলে ধরেছেন ব্যঙ্গাত্মক বক্তব্য।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব মন্তব্য করেন জুলকারনাইন সায়ের। পোস্টের শুরুতেই তিনি শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিজের সংশয়ের কথা উল্লেখ করেন। তবে সম্প্রতি আগামী ১৬ ডিসেম্বর তার দেশে ফেরার পরিকল্পনার কথা জানতে পেরে সেই সংশয় দূর হয়েছে বলে ব্যঙ্গ করেন এই সাংবাদিক।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা প্রসঙ্গে জুলকারনাইন সায়ের লেখেন, প্রথমে সীমান্ত এলাকায় একটি দল পাঠিয়ে টানেল খননের মাধ্যমে দেশে প্রবেশের সম্ভাবনা যাচাই করার কথা বলা হচ্ছে। এরপর বিজয় দিবসে বিমানে করে ফেরার পরিকল্পনার কথাও সামনে এসেছে। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি দেশে ফেরার দুটি সম্ভাব্য পথের কথা উল্লেখ করেন। একটি ভূগর্ভস্থ টানেল, অন্যটি বিমানের বিজনেস ক্লাস।
নিজের পোস্টে শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের কয়েকজন নেতার ভূমিকা নিয়েও মন্তব্য করেন জুলকারনাইন সায়ের। তার ভাষ্য অনুযায়ী, এসব ব্যক্তির কর্মকাণ্ডের কারণে শেখ হাসিনা এখনো নিজেকে ক্ষমতাসীন অবস্থানে রয়েছেন বলে মনে করছেন।
তিনি দাবি করেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক গ্রুপ তৈরি করে তাকে সেখানে যুক্ত রেখেছেন। এসব গ্রুপে নিয়মিত ফোনালাপের পাশাপাশি গান ও কবিতা শেয়ার করা হচ্ছে। একই সঙ্গে দেশে রাজনৈতিকভাবে ফিরে আসার বিষয়ে তাকে বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে।
জুলকারনাইন সায়েরের পোস্টে বলা হয়, এসব গ্রুপের আলোচনায় কখনো ঢাকার রাস্তায় লাখ লাখ নেতাকর্মী প্রস্তুত থাকার কথা জানানো হচ্ছে। আবার কখনো চট্টগ্রাম দখল এবং বিমানবন্দর নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করা হচ্ছে। এসব বক্তব্যের বাস্তব ভিত্তি নেই বলে ব্যঙ্গ করেছেন তিনি।
তার মতে, দেশের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত না করে ঘনিষ্ঠজনেরা নানা ধরনের আশ্বাস দিয়ে যাচ্ছেন। এসব কথার ওপর নির্ভর করেই তিনি দেশে ফেরার স্বপ্ন দেখছেন। বর্তমানে শেখ হাসিনার রাজনৈতিক যোগাযোগ মূলত টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপকেন্দ্রিক হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন এই সাংবাদিক।
পোস্টের শেষ অংশে আগামী ১৬ ডিসেম্বর বিমানে করে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে একদিক থেকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন জুলকারনাইন সায়ের। তবে এমন মন্তব্য করার পেছনে তার কী কারণ রয়েছে, সেটি এখনই প্রকাশ করেননি তিনি। এ বিষয়ে আগামী ১৭ ডিসেম্বর বিস্তারিত প্রকাশ করবেন বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন এই অনুসন্ধানী সাংবাদিক।