• হোম > জাতীয় | বাংলাদেশ > আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা চান রাষ্ট্রপতি

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা চান রাষ্ট্রপতি

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১৮:০৫
  • ৮

---

ইবি রিপোর্ট

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তাঁরা বিচার বিভাগের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। বিশেষ করে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারক সংকটের কারণে তৈরি হওয়া মামলাজট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন।

প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন রাষ্ট্রপতি। এ সময় আইনজীবী সমিতির নেতারা তাঁদের আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে আইনজীবীদের সহযোগিতা ও আন্তরিকতার কথা স্মরণ করেন রাষ্ট্রপতি।

জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে মানবিক মূল্যবোধের বিকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার নতুন সুযোগ তৈরি হয়েছে।

রাষ্ট্রপতি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে দূরত্ব তৈরি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনজীবীরা চাইলে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে ভূমিকা রাখতে পারেন। পেশাদারিত্ব ও সেবার মানসিকতা বজায় রেখে আইনের শাসন এবং গণতন্ত্রের পক্ষে আপসহীন অবস্থান নেওয়ার জন্য তিনি তাঁদের প্রতি আহ্বান জানান।

হিংসা ও প্রতিশোধের পরিবর্তে আইনের শাসনের পক্ষে বেগম খালেদা জিয়ার অবস্থানের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি নতুন করে চোখ রাঙাচ্ছে। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই চেষ্টা সফল হওয়ার সুযোগ নেই।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24058 ,   Print Date & Time: Tuesday, 24 November 2026, 12:26:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh