![]()
ইবি রিপোর্ট
টেকসই ও অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ লক্ষ্য অর্জনে প্রতিবন্ধী শিশু ও তরুণদের দক্ষতা বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ভবনে আয়োজিত এক কর্মশালায় এসব আহ্বান জানানো হয়। সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও বিআরডিবি যৌথভাবে ‘সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অন্তর্ভুক্তি’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিআরডিবির মহাপরিচালক এ কে এম তারেক বলেন, দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও যুবদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়তে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের পিছিয়ে রাখার সুযোগ নেই।
তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরি, তরুণদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উন্নয়ন কার্যক্রমে তাদের মতামত যুক্ত করতে সরকার কাজ করছে।
সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; তাদেরও নিজস্ব দক্ষতা ও সম্ভাবনা রয়েছে। সিডিডির স্বপ্নের অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণকে বাড়তি কোনো কর্মসূচি হিসেবে না দেখে মৌলিক দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে।
কর্মশালায় বক্তারা জানান, গ্রামীণ উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে সিডিডি ও বিআরডিবি যৌথভাবে কাজ করছে। এ উদ্দেশ্যে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের বিভিন্ন আয়োজনে প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন তারা।
কর্মশালায় বিআরডিবির কর্মকর্তাদের পাশাপাশি প্রতিবন্ধী যুব, তাঁদের পরিবারের সদস্য এবং উন্নয়ন সংস্থা জাইকা ও সিরডাপের প্রতিনিধিরা অংশ নেন।