• হোম > জাতীয় | বাংলাদেশ > ‘এত দেরি কেন, আগে আসলে সমস্যা কী’: খন্দকার মুক্তাদির

‘এত দেরি কেন, আগে আসলে সমস্যা কী’: খন্দকার মুক্তাদির

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১৭:৫৭
  • ৮

---

ইবি রিপোর্ট

শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর প্রশ্ন, দেশে ফিরতে এত দেরি কেন, আগে এলে সমস্যা কোথায়? ১৬ ডিসেম্বরেই কেন আসতে হবে? মঙ্গলবার দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা এ দেশের নাগরিক এবং তিনি এ দেশেই ছিলেন। কেন তিনি দেশ ছেড়ে গেছেন, সেই প্রশ্ন তাঁর কাছেই করা উচিত। তাঁর ভাষ্য, দেশের মানুষের রোষ ও আতঙ্কের কারণে শেখ হাসিনা চলে গিয়েছিলেন। সরকার চায়, তিনি দ্রুত দেশে ফিরুন। আইন অনুযায়ী তাঁর যে প্রাপ্য রয়েছে, তা বুঝিয়ে দেওয়া হবে।

সরকারি শিল্পকারখানা প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার কার্যকর আয়ু অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকে এ বিষয়ে দরপত্র আহ্বায়ের কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়া হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হলে কর্মসংস্থান বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখা যাবে।

নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, শিল্প খাতে বিনিয়োগের জন্য ঋণ দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। এ ধরনের বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাও রয়েছেন।

কৃষি উৎপাদন বাড়ানোর বিষয়ে তিনি বলেন, দেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোটা এখনো কাজে লাগানো যায়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। বিদ্যমান সক্ষমতা যথাযথভাবে কাজে লাগানো গেলে ভবিষ্যতে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশ হতে পারে।

পেঁয়াজ উৎপাদনের উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, একসময় এ পণ্যের জন্য আমদানির ওপর নির্ভর করতে হতো। তবে বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ উৎপাদিত হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বড় সম্ভাবনা রয়েছে। এসব খাতে তরুণদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও উপকৃত হবে।

আমদানি-রপ্তানির ব্যবধান নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আমদানির পরিমাণ সবসময় রপ্তানির চেয়ে বেশি। তবে শুধু এই ব্যবধান নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। দেশের সামগ্রিক বাণিজ্যের পরিমাণ ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে জ্বালানি আমদানির ব্যয় কমানো সম্ভব। কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে খাদ্যপণ্যে আমদানিনির্ভরতাও কমানো যাবে। তবে রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করতে হয়। ফলে আমদানি-রপ্তানির ব্যবধানের পাশাপাশি দেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি সম্প্রসারণের বিষয়গুলোও বিবেচনায় রাখতে হবে।

এর আগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, কলেজটির দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধান এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহনসংক্রান্ত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্য নিয়েও সরকার কাজ করছে।

কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার সময় একে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রত্যাশা ছিল। কিন্তু বর্তমান অবকাঠামো ও জায়গার সীমাবদ্ধতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়। তারপরও প্রতিষ্ঠানটিকে উচ্চতর পর্যায়ে নেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে। খেলার মাঠের সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি মসজিদ নির্মাণ ও পরিবহনসংক্রান্ত বিষয়গুলোও বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে কলেজটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা এটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। ভবিষ্যতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নেও প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল। উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা।

পরে বাণিজ্যমন্ত্রী হযরত শাহপরাণ (রহ.) মাজার রোড থেকে ভাওয়াল টিলা পর্যন্ত রাস্তা উন্নয়ন, সীমানাপ্রাচীর, রিটেইনিং ওয়াল ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24052 ,   Print Date & Time: Tuesday, 24 November 2026, 12:26:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh