![]()
ইবি রিপোর্ট
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার প্রস্তাব দিয়েছে। তবে কোনো প্রস্তাবকেই এখনো চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে না। দুই পক্ষের সংশোধিত প্রস্তাব নিয়ে আলোচনা শেষে মঙ্গলবার রাত ৯টার মধ্যে মজুরি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে নিম্নতম মজুরি বোর্ড।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বৈঠকের অগ্রগতি সম্পর্কে চেয়ারম্যান বলেন, ‘আলোচনা এখনো চলমান। আজ রাত নয়টা পর্যন্ত আলোচনা চলবে। আমরা চেষ্টা করব, আজকের মধ্যেই মজুরির বিষয়টি চূড়ান্ত করতে। উভয় পক্ষ এখন তৃতীয় দফা তাদের সংশোধিত প্রস্তাব জমা দেবে এবং এর উপর আলোচনা চলবে।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেক পক্ষ থেকেই বিশেষজ্ঞ ডেকেছি। ওনারা আছেন, তথ্য-উপাত্ত দিচ্ছেন। আমরা চেষ্টা করব আজকেই মজুরি চূড়ান্ত করতে।’
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখার সভার নোটিশে বৈঠকের দুটি আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে। প্রথমত, তৈরি পোশাকশিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা। দ্বিতীয়ত, এ শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরি করা। নোটিশে বোর্ডের সদস্যদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছিল।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ে ছয় সদস্যের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছিল। দীর্ঘ সময় ধরে আলোচনা চলার পর রাত ৯টার দিকে বৈঠকটি মুলতবি করা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় মঙ্গলবার আবারও বৈঠকে বসেছেন বোর্ডের সদস্যরা।
এদিকে মজুরি নির্ধারণ নিয়ে বোর্ডের আলোচনা চলার মধ্যেই রাজধানীর সেগুনবাগিচায় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পোশাকশিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। তাঁদের দাবি, শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
মঙ্গলবার বৈঠক চলাকালে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ কয়েকটি সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। তাঁরা মজুরি বোর্ডের সামনে নিজেদের দাবির পক্ষে বিক্ষোভ করেন।
অন্যদিকে বিকেল সোয়া ৪টার সময়ও বোর্ডের অভ্যন্তরে শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা চলছিল। বৈঠকের অগ্রগতি সম্পর্কে বিকেলে বোর্ডের সদস্যদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সংশোধিত প্রস্তাব এবং বিশেষজ্ঞদের দেওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনা করে মজুরি নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে। তবে শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে কত টাকার মজুরি নিয়ে সমঝোতা হয়, তা নির্ভর করছে চলমান আলোচনার ফলাফলের ওপর।