![]()
ইবি রিপোর্ট
সাইবার অপরাধ মোকাবিলায় কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নাগরিক স্বাধীনতা, মানবাধিকার, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্য সামনে রেখে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া চূড়ান্ত করার আগে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের মতামত নিয়েছে সরকার। পরামর্শ সভায় আইনের বিভিন্ন ধারা সংশোধন, অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ এবং সাংবাদিকদের আইনি সুরক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
সভাপতির বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, নাগরিক ও দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখে সাইবার নিরাপত্তা আইনের কাঠামো শক্তিশালী করতে চায় সরকার। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও সরকারি সেবার কার্যক্রম ক্রমেই ডিজিটাল ব্যবস্থার ওপর নির্ভরশীল হচ্ছে। এর সঙ্গে সাইবার হুমকির পরিধি ও জটিলতাও বাড়ছে। অতীতে আইন প্রণয়নের কয়েকটি প্রক্রিয়া নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছিল। এসব উদ্বেগের অবসান ঘটিয়ে স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নে সরকার কাজ করছে। ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক স্বাধীনতার মধ্যে যথাযথ সমন্বয় প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অংশীদারদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আইন প্রণয়নে সরকার কোনো জটিল বা অস্বচ্ছ পদ্ধতি অনুসরণ করতে চায় না। যেসব বিষয় সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সমাধান করা সম্ভব, সেভাবেই এগোনো হচ্ছে। বাণিজ্যিক স্বার্থ কিংবা অন্য কোনো প্রভাব যাতে আইন তৈরির প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার। প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধেও আইনের সংশোধন প্রয়োজন।
নাগরিক অধিকার সুরক্ষার প্রসঙ্গে তিনি বলেন, আইনের প্রয়োগে অপব্যবহার ঠেকাতে সুপ্রিম কোর্টের বিচারিক পর্যালোচনাসহ প্রয়োজনীয় প্রতিকারব্যবস্থা রয়েছে। মানবাধিকার কমিশনের স্বাধীন তদারকির দায়িত্ব বজায় রাখতেও কমিশনকে সংশ্লিষ্ট কমিটির বাইরে রাখা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি বিশ্বব্যাপী একটি চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা বজায় রাখতে চায় সরকার।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি সম্মান প্রদর্শন সরকারের অঙ্গীকার। এআইনির্ভর সাইবার অপরাধ বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জগুলোর একটি। এসব অপরাধ মোকাবিলায় সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত ও আর্থিক তথ্যের সুরক্ষা এবং ডিজিটাল অবকাঠামোকে সমন্বিতভাবে শক্তিশালী করতে হবে। আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের পরামর্শ নিয়েও সরকার কাজ করছে।
সভায় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা খসড়া আইনের বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ দেন। সরকারের উন্মুক্ত পরামর্শ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তাঁরা বলেন, সাইবার নিরাপত্তা কার্যকর করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষাও নিশ্চিত করা সম্ভব।
খসড়ায় সাংবাদিকদের গ্রেফতারের আগে আদালতের অনুমতি নেওয়ার বিধানসহ কয়েকটি পরিবর্তনের প্রশংসা করেন উন্নয়ন সহযোগীরা। তবে গুজব, অপতথ্য ও মানহানিসংক্রান্ত ধারাগুলো আরও সুনির্দিষ্ট করার সুপারিশ করেন তাঁরা। মানহানির ঘটনায় ফৌজদারি ব্যবস্থার পরিবর্তে অ-ফৌজদারি প্রতিকারের সুযোগ বিবেচনার প্রস্তাবও দেন।
এ ছাড়া অনলাইন কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের অনুমোদন, স্বাধীন বিচারিক পর্যালোচনা, সব ধরনের সাংবাদিকের সুরক্ষা এবং সংবাদসূত্রের গোপনীয়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রতিনিধিরা। সৎ বিশ্বাসে সাংবাদিকতা করার ক্ষেত্রে আইনি সুরক্ষা দেওয়ার বিষয়টিও তাঁদের সুপারিশে উঠে আসে।
সভায় মানহানি, হেয় প্রতিপন্ন করা ও সাইবার বুলিংকে পৃথক বিষয় হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সাইবার স্পেসের সংজ্ঞা আরও নির্দিষ্ট করার বিষয়টিও আলোচনায় স্থান পায়।
সভায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া উপস্থাপন করেন। এ সময় আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।