![]()
ইবি রিপোর্ট
শিশুদের শ্রমে নিয়োজিত না করে শিক্ষার আওতায় আনতে হলে শুধু আইন বা বিচ্ছিন্ন উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন সমন্বিত নীতিমালা, পারিবারিক অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী সামাজিক আন্দোলন। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা কার্যক্রম একসঙ্গে বাস্তবায়নের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘ইনসেপশন অব দ্য প্রজেক্ট: রিডাকশন অব চাইল্ড লেবার ইন দ্য ইনফরমাল রেডি-মেড গার্মেন্ট (আরএমজি) সেক্টর অ্যাট কেরানীগঞ্জ উপজেলা অব ঢাকা ডিস্ট্রিক্ট, থ্রো আ হোলিস্টিক অ্যাপ্রোচ’ শীর্ষক অনুষ্ঠানে শিশুশ্রম নিরসনে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি।
মাহদী আমিন বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার নয় মাস পার করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে সরকারকে কাজ করতে হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সরকারের সবচেয়ে বড় শক্তি জনগণের কাছে সর্বোচ্চ জবাবদিহিতা ও দায়বদ্ধতা। নির্বাচনী ইশতেহারকে ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। শিশুশ্রম নিরসন ও শ্রমিকদের অধিকার ইশতেহারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় সীমাবদ্ধতার মধ্যেও বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি জানান, শিশুশ্রম নিরসনে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনার কাজ অনেক দূর এগিয়েছে। সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে পরিকল্পনাটি টেকসই ও বাস্তবসম্মতভাবে বাস্তবায়ন করা হবে।
শুধু শ্রমঘন এলাকায় কার্যক্রম পরিচালনা করে শিশুশ্রম নির্মূল করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে শিক্ষা ব্যবস্থার সরাসরি সম্পর্ক রয়েছে। কোনো পরিবার যাতে সন্তানকে কাজে পাঠাতে উৎসাহিত না হয়, সে জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় পরিবর্তন আনা হচ্ছে। প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মিড-ডে মিল, স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরের মেয়াদে প্রাথমিক বিদ্যালয়ের এক কোটিরও বেশি শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার প্রত্যয় রয়েছে।
এ ছাড়া সারাদেশে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী মেয়েদের স্নাতক ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর ঘোষণা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ চালু হয়েছিল। এবার তা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার নীতিমালা আগামী অর্থবছর থেকে কার্যকর হতে শুরু করবে।
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক পরিবেশ তৈরির ওপর জোর দেন মাহদী আমিন। তাঁর মতে, বাল্যবিবাহ প্রতিরোধের মতো শিশুশ্রম বন্ধেও সামাজিক আন্দোলন প্রয়োজন। শিক্ষকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। নবম ও দশম শ্রেণির সব শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার উদ্যোগও রয়েছে। এতে পড়াশোনার সঙ্গে বাস্তব জীবনের সংযোগ তৈরি হবে এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে শিক্ষার্থীদের অনিশ্চয়তা কমবে।
শিশুশ্রমের অন্যতম কারণ হিসেবে পারিবারিক দারিদ্র্য ও অভিভাবকদের কর্মসংস্থানের অভাবের কথা উল্লেখ করেন তিনি। এ পরিস্থিতি পরিবর্তনে বাবা-মায়ের ক্ষমতায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পকারখানার সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী সার্বজনীন ‘ফ্যামিলি কার্ড’ চালু হয়েছে। এর মাধ্যমে হতদরিদ্র ও প্রান্তিক পরিবারের মায়েদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হলে তাঁরা সন্তানদের পড়াশোনায় তা ব্যয় করতে পারবেন। ফলে অভাবের কারণে শিশুদের কাজে পাঠানোর প্রবণতা কমবে।
মাহদী আমিন বলেন, শিশুশ্রম নিরসনে শুধু আনুষ্ঠানিক অর্থনীতির দিকে নজর দিলে হবে না। অনানুষ্ঠানিক খাতে কর্মরত শিশুদেরও বিবেচনায় রেখে সামগ্রিক নীতিমালা গ্রহণ করতে হবে। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে সমস্যাটির যথাযথ সমাধানে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
শিশুশ্রম বন্ধে মহিলা ও শিশুবিষয়ক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা, আইন, স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। তাঁর মতে, কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে এ সমস্যা দূর করা সম্ভব নয়। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদেরও এগিয়ে আসতে হবে।
শিশুরা কারখানার পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মানবিক মূল্যবোধ নিয়ে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন মাহদী আমিন। তিনি বলেন, তরুণ জনশক্তি বাংলাদেশের বড় সম্পদ। তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, মাহদী আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার ও নারী অধিকার কর্মী অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপস মিখাল ক্রেইজা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান এবং কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ও অ্যাডউইব প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুস সামাদ আল আজাদ।