![]()
ইবি রিপোর্ট
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৭টি মামলা দায়েরের পাশাপাশি ককটেল, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
বিভাগভিত্তিক হিসাবে, ডিএমপির রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন এবং তেজগাঁও বিভাগে ১০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া মিরপুর বিভাগে ১৩২ জন, গুলশান বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৪১ জন, এসআরইউ বিভাগে চারজন এবং গোয়েন্দা বিভাগে তিনজন গ্রেফতার হয়েছেন।
অভিযান চলাকালে একটি অবিস্ফোরিত ককটেল এবং ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, পাঁচ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ ও ১১৮ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।
পুলিশের অভিযানে একটি সিএনজি, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৬০০ টাকাও উদ্ধার করা হয়েছে। একই সময়ে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।