• হোম > কৃত্রিম বুদ্ধিমত্তা | জাতীয় | ডিজিটাল লাইফ | দেশজুড়ে > ঢাকায় ৫ ডিসেম্বর বসছে চতুর্থ সফটওয়্যার কোয়ালিটি সিম্পোজিয়াম

ঢাকায় ৫ ডিসেম্বর বসছে চতুর্থ সফটওয়্যার কোয়ালিটি সিম্পোজিয়াম

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১৭:৩০
  • ২৫

---

ইবি রিপোর্ট

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারের সঙ্গে সফটওয়্যার উন্নয়ন ও পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আসছে। এ সময়ে সফটওয়্যারের মান নিশ্চিত করা, পরীক্ষার আধুনিক কৌশল এবং দক্ষ জনবল তৈরির বিষয়গুলো সামনে রেখে ঢাকায় আয়োজন করা হচ্ছে চতুর্থ ‘সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ঢাকা শেরাটনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই আয়োজন।

এবারের সিম্পোজিয়ামের প্রতিপাদ্য ‘কোয়ালিটি ইন দ্য এজ অব এআই’। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স (কিউএ) ও টেস্টিং খাতের পেশাজীবীদের প্ল্যাটফর্ম SQAT Bangladesh-এর উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, প্রযুক্তি খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তি, প্রকৌশলী, নীতিনির্ধারক ও শিক্ষাবিদেরা অংশ নেবেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং সার্টিফিকেশন বোর্ড (ISTQB)-এর বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া দুসা-জিগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু অংশ নেবেন। সফটওয়্যার মান ব্যবস্থাপনা ও টেস্টিং খাতে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করতেই তাঁদের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্মেলনে সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞদের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ও কোয়ালিটি লিডার, তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান (সিআইও), প্রযুক্তি বিভাগের প্রধান (সিটিও), প্রযুক্তি পেশাজীবী, নীতিনির্ধারক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এতে প্রযুক্তি খাতের পেশাজীবী ও শিক্ষাঙ্গনের মধ্যে যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাস্টারক্লাস, মূল প্রবন্ধ উপস্থাপন, প্লেনারি সেশন, এআইভিত্তিক সফটওয়্যার টেস্টিং, টেস্ট অটোমেশন ও কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা। পাশাপাশি পেশাগত যোগাযোগ, সার্টিফিকেশন এবং ক্যারিয়ার সম্ভাবনা নিয়েও বিভিন্ন পর্ব থাকবে। অংশগ্রহণকারীদের জন্য ISTQB গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া দুসা-জিগারের স্বাক্ষরযুক্ত অংশগ্রহণ সনদ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

সিম্পোজিয়াম আয়োজন করছে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (BSTB)। একাডেমিক পার্টনার হিসেবে রয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরীক্ষা ও ওয়েবভিত্তিক প্রশিক্ষণ অংশীদার হিসেবে রয়েছে জার্মানির iSQI। প্রযুক্তি অংশীদার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, টেকএক্স ও বিটোপিয়া গ্রুপ এবং ক্যারিয়ার পার্টনার হিসেবে স্কিল.জবস ও বিডিজবস ডটকম যুক্ত রয়েছে।

গতকাল ২৪ নভেম্বর রাজধানীর সবুজবাগে ড্যাফোডিল প্লাজা ৭১-এর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিম্পোজিয়ামের বিস্তারিত তুলে ধরা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন আয়োজনের আহ্বায়ক ড. কে এম হাসান রিপন। বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নুরুজ্জামান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ ছাড়া একাডেমিক অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা এবং বোর্ডের সেক্রেটারি মোহাম্মদ আক্তার উল আলম, বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার মো. আনিউল্লাহ ভূঁইয়া (সায়েম) ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১০ হাজার সার্টিফায়েড টেস্ট ইঞ্জিনিয়ার তৈরিতে অবদান রাখা। এই লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে সফটওয়্যার কিউএ ও টেস্টিং খাতে দক্ষ কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক প্রকল্পে বাংলাদেশি পেশাজীবীদের অংশগ্রহণ এবং তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানি সম্প্রসারণে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি।

আয়োজকদের মতে, এআইনির্ভর প্রযুক্তির বিস্তারের সঙ্গে সফটওয়্যারের মান যাচাইয়ের প্রয়োজনীয়তা আরও বাড়ছে। এ পরিস্থিতিতে দক্ষতা উন্নয়ন, পেশাগত সার্টিফিকেশন, কর্মসংস্থান ও আন্তর্জাতিক বাজারের সুযোগকে একই ধারায় যুক্ত করাই এ আয়োজনের উদ্দেশ্য। সিম্পোজিয়ামটি দেশের সফটওয়্যার টেস্টিং পেশাজীবীদের আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন দক্ষতা অর্জন ও ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ তৈরি করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24040 ,   Print Date & Time: Tuesday, 24 November 2026, 12:34:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh