![]()
ইবি রিপোর্ট
দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুযোগ তৈরিতে নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ করে নারী শিক্ষকদের পারিবারিক ও সামাজিক সমস্যার কথা বিবেচনায় নিয়ে তাঁদের জন্য সহায়ক বদলি নীতিমালা প্রণয়নের তাগিদ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই বদলি কার্যক্রম শুরু করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সংসদীয় স্থায়ী কমিটির এই সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়। কমিটির বৈঠকের কার্যবিবরণী বা রেজল্যুশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈঠকে শিক্ষকদের বদলির বিষয়টি উত্থাপন করেন কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেন, নিজ জেলা থেকে অনেক দূরে কর্মস্থল হওয়া এবং বদলির সুযোগ না থাকায় বহু নারী শিক্ষক পারিবারিক সংকটে পড়েছেন। দূরত্বের কারণে কারও সংসার ভেঙেছে, কারও বিবাহবিচ্ছেদ ঘটেছে। আবার অনেকে পরিস্থিতির কারণে শিক্ষকতা পেশা ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন।
এসব সমস্যার মানবিক দিক বিবেচনায় নিয়ে দ্রুত নারী শিক্ষকবান্ধব বদলি নীতিমালা তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। কমিটির সুপারিশেও দূরবর্তী প্রতিষ্ঠানে কর্মরত নারী শিক্ষকদের ভোগান্তির বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
বৈঠকে বদলি কার্যক্রম নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে সংস্থাটির চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলি এনটিআরসিএর দায়িত্বের মধ্যে পড়ে না। এই কার্যক্রম পরিচালনা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বৈঠকে জানান, শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির কাজ বর্তমানে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। বদলি কার্যক্রম পরিচালনার জন্য মাউশি ইতিমধ্যে একটি সফটওয়্যারও প্রস্তুত করেছে।
মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে ওই সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করা হবে। অধিদপ্তরের পক্ষ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় পুরো কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক।