![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
এশিয়ার প্রধান চাল রপ্তানিকারক দেশগুলোর বাজারে দামের ভিন্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আফ্রিকা ও এশিয়ার ক্রেতাদের বাড়তি চাহিদা, স্থানীয় বাজারে ধানের মূল্যবৃদ্ধি এবং প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় ভারত ও থাইল্যান্ডে চালের রপ্তানিমূল্য বেড়েছে। বিপরীতে, ক্রেতাদের আগ্রহ কমে যাওয়ায় ভিয়েতনামে কমেছে চালের দাম। এতে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ও চাহিদার পরিবর্তন আবারও আলোচনায় এসেছে।
গত সপ্তাহে ভারতে চালের রপ্তানিমূল্য গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে প্রতি টন ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম বেড়ে ৩৯৪ থেকে ৩৯৮ ডলারে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে একই চালের দাম ছিল ৩৮৫ থেকে ৩৯০ ডলার। এ ছাড়া ৫ শতাংশ খুদযুক্ত আতপ চাল বিক্রি হয়েছে টনপ্রতি ৩৯৫ থেকে ৪০০ ডলারে।
ভারতীয় চালের দাম বাড়ার পেছনে কয়েকটি কারণ কাজ করছে। আদিত্য বিড়লা গ্লোবাল ট্রেডিংয়ের ভারতীয় চাল ব্যবসার প্রধান নীরজ কুমারের মতে, দেশের অভ্যন্তরীণ বাজারে ধানের দাম বৃদ্ধি, আফ্রিকার দেশগুলোর নিয়মিত চাহিদা এবং ভারতীয় রুপির বিনিময় হার বাড়ায় গত তিন-চার সপ্তাহ ধরে রপ্তানিমূল্য ঊর্ধ্বমুখী রয়েছে। পাশাপাশি মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হওয়া এবং প্রতিকূল আবহাওয়ার আশঙ্কাও বাজারে প্রভাব ফেলছে।
তবে উৎপাদন কমার আশঙ্কা থাকলেও ভারতের চাল রপ্তানি নিয়ে ইতিবাচক পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। সংস্থাটির ধারণা, পর্যাপ্ত মজুদ থাকায় চলতি ও আগামী বছরে দেশটির চাল রপ্তানি বাড়তে পারে।
ভারতের পাশাপাশি থাইল্যান্ডেও চালের দাম বেড়েছে। গত সপ্তাহে দেশটিতে ৫ শতাংশ খুদযুক্ত চালের রপ্তানিমূল্য প্রতি টন ৫০৫ থেকে ৫১০ ডলারে উঠেছে। ২০২৪ সালের ডিসেম্বরের পর এটিই সর্বোচ্চ দাম। এর আগের সপ্তাহে প্রতি টন চালের দাম ছিল ৪৯৫ থেকে ৫০০ ডলার।
থাইল্যান্ডের ব্যবসায়ীরা জানিয়েছেন, স্থানীয় বাজারে চালের দাম বাড়ার পাশাপাশি ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার নিয়মিত ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ক্রয়াদেশ আসায় রপ্তানিমূল্য বেড়েছে। জাপান থেকেও মাঝেমধ্যে চাল কেনার প্রস্তাব আসছে। এর সঙ্গে এল নিনোর প্রভাবে ফসল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা বাজারে বাড়তি চাপ তৈরি করেছে। তবে স্বল্প মেয়াদে দেশটিতে চালের সরবরাহ স্থিতিশীল রয়েছে। আগামী বছরের শুরুতে নতুন ফসল বাজারে আসার প্রত্যাশাও করছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে, ভিয়েতনামে চালের বাজারে দেখা গেছে উল্টো চিত্র। ক্রেতাদের আগ্রহ কমে যাওয়ায় দেশটির রপ্তানিমূল্য নিম্নমুখী হয়েছে। গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম প্রতি টন ৪৭৫ থেকে ৪৮৫ ডলারে নেমেছে। আগের সপ্তাহে এ চালের দাম ছিল ৪৯০ থেকে ৪৯৫ ডলার। হো চি মিন সিটির এক ব্যবসায়ীর ভাষ্য, দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের আগ্রহ কমেছে। ফলে বিক্রেতারা রপ্তানিমূল্য কমাতে বাধ্য হচ্ছেন।
ভিয়েতনামের সরকারি শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথমার্ধে দেশটি ২ লাখ ৬৮ হাজার ৩৯৭ টন চাল রপ্তানি করেছে। এ নিয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলতি বছরে দেশটির মোট চাল রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৭১ লাখ ৮০ হাজার টনে। এসব চাল রপ্তানি করে আয় হয়েছে ৩৪৮ কোটি ডলার।