• হোম > জাতীয় | বাংলাদেশ > জিয়াউল আহসানের অবৈধ সম্পদের তথ্যও রয়েছে: অ্যাটর্নি জেনারেল

জিয়াউল আহসানের অবৈধ সম্পদের তথ্যও রয়েছে: অ্যাটর্নি জেনারেল

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১৫:২৩
  • ৬

---

ইবি রিপোর্ট  

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দৃশ্যমান বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি জানিয়েছেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের পাহাড় গড়ার তথ্যও রাষ্ট্রের কাছে রয়েছে। তাঁর মতে, এ বিচারের মাধ্যমে ভবিষ্যতে কেউ যেন নিজের পদ-পদবি ব্যবহার করে এ ধরনের অপরাধে জড়াতে সাহস না পায়, তা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপনের প্রক্রিয়া নিয়ে কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতে রাষ্ট্রের দায়িত্ব ও আইন কর্মকর্তাদের ভূমিকা তুলে ধরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে রাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে, তা পালন করাই রাষ্ট্রের পক্ষে নিযুক্ত প্রধান আইন কর্মকর্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কর্তব্য।

বিচারপ্রক্রিয়ায় সেনাবাহিনীর ভাবমূর্তি এবং সদস্যদের প্রতি জনগণের আস্থার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। কাজল বলেন, তাঁরা কেবল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন না, এই রাষ্ট্রেরও সন্তান। যে ব্যক্তির বিচার হচ্ছে, তিনি একসময় সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধানসহ সহযোগী সেনা কর্মকর্তারা।

তিনি বলেন, রাষ্ট্রের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় সেনাবাহিনীর সদস্যদের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সম্মানের বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে। দু-একজন ব্যক্তির কর্মকাণ্ডের কারণে পুরো বাহিনীর সম্মান ক্ষুণ্ন হওয়া উচিত নয়। বিচারপ্রক্রিয়ার লক্ষ্য হচ্ছে অপরাধের দায় নির্ধারণ এবং এমন দৃষ্টান্ত স্থাপন করা, যাতে ভবিষ্যতে কেউ নিজের পদ-পদবি ব্যবহার করে এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডে জড়াতে না পারে।

ট্রাইব্যুনালের একটি প্রশ্নের প্রসঙ্গ তুলে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপকর্মে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের বিষয়ে তাঁর সঙ্গে কাজ করা কয়েকজন সামরিক কর্মকর্তার বিবেক জাগ্রত হয়েছিল। তাঁরা একপর্যায়ে সেখান থেকে সরে এসেছেন। অর্থাৎ সব সামরিক কর্মকর্তার বিবেক একইভাবে কাজ করেনি; কারও কারও মধ্যে বিবেকের তাড়না কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন।

জিয়াউল আহসানের আর্থিক সম্পদ ও দুর্নীতির বিষয়েও তথ্য থাকার কথা জানান কাজল। তিনি বলেন, শুধু পদমর্যাদা অর্জন নয়, অভিযুক্তের আর্থিক উন্নতি এবং অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলার বিষয়েও তাঁদের কাছে তথ্য রয়েছে। এ-সংক্রান্ত বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক বিচারপ্রক্রিয়াও চলছে।

মামলার প্রাথমিক পর্যায়ের প্রসঙ্গ টেনে তিনি তাজুল ইসলামের ভূমিকার প্রশংসা করেন। কাজল জানান, মামলার শুরুতে তাজুল ইসলাম উদ্যোগ নিয়েছিলেন এবং অভিযুক্ত ব্যক্তির বিষয়ে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সাক্ষীদের বক্তব্যের বাইরেও তাঁকে বিভিন্ন তথ্য দিয়েছেন।

এ সময় ‘বালিশ কাণ্ড’-এর প্রসঙ্গও সামনে আনেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, একটি নির্মম ও নিখুঁত হত্যাকাণ্ড আড়াল করতে কিংবা নিজেদের দায় এড়াতে কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল, সে বিষয়টি আলোচনায় এসেছে। তাঁর বক্তব্যে ওই সরকারের সময়ের বালিশ কাণ্ডের প্রসঙ্গও উঠে আসে।

যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব বিষয় আন্তর্জাতিক আইনের আলোকে ট্রাইব্যুনালে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন ব্যারিস্টার কাজল। পাশাপাশি বর্তমান প্রসিকিউটর আমিনুল ইসলামসহ পুরো প্রসিকিউশন টিমকে ধন্যবাদ জানান তিনি।

কাজল বলেন, প্রসিকিউশন টিমের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল হিসেবে মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের আগে সাক্ষ্য, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং প্রসিকিউশন যেসব উপাদানের ভিত্তিতে মামলা তৈরি করেছে, সেগুলো সম্পর্কে ধারণা নিতেই তিনি ট্রাইব্যুনালে এসেছেন। এ সময় যুক্তিতর্ক প্রস্তুতির জন্য বেশ কিছু নোটও নিয়েছেন বলে জানান তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24004 ,   Print Date & Time: Tuesday, 24 November 2026, 09:52:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh