• হোম > রাজনীতি > শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণ করা উচিত: রুহুল কবির রিজভী

শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণ করা উচিত: রুহুল কবির রিজভী

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১৫:২০
  • ৯

---

ইবি রিপোর্ট  

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পর তাঁর উচিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করা। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার যে পরিকল্পনার কথা বলা হচ্ছে, তা নিয়েও সমালোচনা করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এসব কথা বলেন রিজভী। মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

রিজভী বলেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশের আদালতে দণ্ডিত হওয়ার পরও কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলতে পারেন, তা বোধগম্য নয়। আইনের প্রতি শ্রদ্ধা থাকলে তাঁর দেশে ফিরে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিজের বক্তব্য উপস্থাপন করা উচিত ছিল।

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার সঙ্গে ইমিগ্রেশন কর্মকর্তাদের বৈঠক নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি জানতে চান, সেখানে কীভাবে দুই ঘণ্টা ধরে বৈঠক হলো এবং এর পেছনে দিল্লির কোনো ইন্ধন ছিল কি না।

এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন কীভাবে? এখানে কি দিল্লির ইন্ধন ছিল না? কোথাও ভয়ংকর নীলনকশা চলছে। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত।’

তিনি আরও বলেন, বাংলার মাটি অত্যাচার সহ্য করে না। কোনো স্বৈরশাসককে এ দেশে আশ্রয় দেওয়া হবে না। দেশের বাইরে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আগুন দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির তিনজন নেতাকর্মী হত্যার জন্য পলাতক আওয়ামী লীগ নেতাদের দায়ী করেন রিজভী। তাঁর অভিযোগ, যারা জনগণকে হত্যা করতে পারে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। এ কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখাকে ন্যায়সংগত বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার ইচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চান ফেরার জন্য। তার পেছনে শক্তি জোগাচ্ছে কে? কার ইচ্ছায়, কার জোরে তিনি বিমান চাইলেন? সত্যিকারের আইনের প্রতি সম্মান থাকলে তিনি দেশে এসে আইনি প্রক্রিয়ায় লড়তেন।’

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ যেমন শান্ত, তেমনি প্রয়োজনে পদ্মার ঢেউয়ের মতো প্রবল হয়ে উঠতে পারে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কেউ আঘাত হানলে তার জবাব দেওয়া হবে। কোনো পক্ষই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কেড়ে নিতে পারবে না।

শেখ হাসিনাকে স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রির প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24001 ,   Print Date & Time: Tuesday, 24 November 2026, 09:42:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh