• হোম > চট্টগ্রাম | দেশজুড়ে > জরিমানার পরও কর্ণফুলীর তীরে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ

জরিমানার পরও কর্ণফুলীর তীরে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১৫:০৪
  • ১৬

---

ইবি রিপোর্ট

কর্ণফুলী নদীর তীর ঘেঁষে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে চট্টগ্রামের বোয়ালখালীতে। ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশের পরও নদীর পাড়ের মাটি কাটা ও ইটভাটার নির্মাণকাজ চলার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ অবস্থায় চরখিজিরপুর এলাকায় নির্মাণাধীন ডি অ্যান্ড সি ব্রিকস স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বোয়ালখালী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা অবৈধ ইটভাটাটি বন্ধ করতে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় পরিবেশের ক্ষতি করে ইটভাটাটি নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে নদীর পাড়ের মাটি কেটে নেওয়া হচ্ছে এবং কয়েক দিনের মধ্যে সেখানে ইট পোড়ানোর প্রস্তুতি চলছে। ইটভাটাটি চালু হলে নদীর পানি, পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে। প্রশাসনের জরিমানা ও নির্মাণকাজ বন্ধের নির্দেশের পরও কাজ অব্যাহত থাকায় ক্ষোভ জানান তারা। একই সঙ্গে ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধের দাবি তোলেন।

স্থানীয়দের অভিযোগ, গত ৯ নভেম্বর ভ্রাম্যমাণ আদালত নির্মাণাধীন ইটভাটাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে সংশ্লিষ্টরা নদীর পাড়ের মাটি কাটা ও নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপও চোখে পড়ছে না বলে দাবি তাদের।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৯ নভেম্বর বিকেলে চরখিজিরপুর এলাকায় নির্মাণাধীন ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নদীর পাড়ের মাটি কাটার অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ইটভাটার মালিক স্থানীয় হাজী রফিক আহাম্মদকে (৮৪) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(খ) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ইটভাটাটি নির্মাণ করা হচ্ছিল। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে এবং অনুমোদন না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটাটিকে জরিমানা করা হয়েছে। নতুন করে মাটি কাটা ও নির্মাণকাজ চালানোর তথ্যও অধিদপ্তর পেয়েছে। এরই মধ্যে একজন কর্মকর্তা ইটভাটাটি পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে দেশের সব অবৈধ ইটভাটা অবিলম্বে বন্ধ করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশনা দেওয়া হয়েছে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে।

পরিবেশ বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ ধরনের ইটভাটার কালো ধোঁয়া ও বর্জ্যে কর্ণফুলী নদী নিয়মিত দূষিত হচ্ছে। ইটভাটার বর্জ্য, ইটের আধলা ও মাটি ফেলে নদীর তীরবর্তী এলাকা ভরাট ও দখল করা হলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যেতে পারে। এর ফলে নদীর বিপরীত পাড়ে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এতে বনভূমি ও বসতভিটা বিলীন হতে পারে।

তিনি আরও বলেন, শুধু অভিযান চালালেই সমস্যার সমাধান হবে না। নদীর তীরে গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলো স্থায়ীভাবে বন্ধ করতে হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23993 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 10:23:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh