• হোম > আইন আদালত > হত্যা মামলায় সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

হত্যা মামলায় সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১৫:০১
  • ১৬

---

ইবি রিপোর্ট

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।

এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক আদালতে এ আবেদন করেন। শুনানির সময় বেলা আড়াইটার দিকে সাঈদ খোকনকে এজলাসে হাজির করা হয়।

আদালতে তদন্ত কর্মকর্তা আসামিকে রিমান্ডে নেওয়ার কারণ তুলে ধরেন। রাষ্ট্রপক্ষও রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেওয়া আবদুল মোতালিব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় নিহত কিশোরের বাবা আব্দুল মতিন ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়। ওই মামলার এজাহারে সাঈদ খোকনের নাম ২৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছে।

মামলাটির তদন্তের অংশ হিসেবে এর আগে সাত দিনের রিমান্ডে ছিলেন সাবেক এই মেয়র। এবার আদালত আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করায় তাকে নতুন করে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23990 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 10:23:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh