• হোম > জাতীয় | বাংলাদেশ > নভেম্বরে দেশজুড়ে ১২১টি ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন ৯৯টি

নভেম্বরে দেশজুড়ে ১২১টি ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন ৯৯টি

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১৪:৫৪
  • ৮

---

ইবি রিপোর্ট

নভেম্বর মাসে সারা দেশে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে গণপরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। এসব সহিংসতায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ ছাড়া এসব ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ১০০ জন। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে নভেম্বরে ৭২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে। এ ছাড়া ৬৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তাদের ঝটিকা মিছিল করার সুযোগ নেই। এ ধরনের কর্মসূচি বেআইনি হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে এবং তাদের গ্রেপ্তার করা হবে।

নভেম্বরে পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার বিভিন্ন তথ্যও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, এ সময়ে পুলিশের স্থাপনায় হামলার চারটি ঘটনা ঘটেছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ২৮টি এবং পুলিশের স্থাপনা কিংবা গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে চারটি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, এ সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত তথ্য পুলিশের কাছে থাকা তথ্যের তুলনায় বেশি। পুলিশের তথ্য সংগ্রহ ও প্রকাশের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, হামলার শিকার শাখার সংখ্যা প্রায় ১০০টি।

জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনার কথাও জানান জাহেদ উর রহমান। এসব ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, নভেম্বর মাসে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে হামলার ঘটনায় দলটির চারজন কর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে এসব ঘটনার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে একটি হাসপাতালেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এটি কোনো যুদ্ধ নয়। এমনকি যুদ্ধ চলাকালেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা চালানো হলে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়। একজন সংসদ সদস্যের হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানান তিনি। তার অভিযোগ, আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে এ ধরনের তাণ্ডব ধারাবাহিকভাবে চালানো হয়েছে।

এদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়েও ব্রিফিংয়ে কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ৩০ বছর। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি বণ্টনের যে ব্যবস্থা চুক্তিতে রয়েছে, সেটির মেয়াদও একই দিনে শেষ হবে।

চুক্তির ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। একই ধরনের কমিটি গঠন করে প্রথম বৈঠকের আয়োজন করতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে।

জাহেদ উর রহমান আরও জানান, গত ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী এ বিষয়ে ভারতের জনশক্তিমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন। গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার উদ্যোগের অংশ হিসেবে এই যোগাযোগ করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23983 ,   Print Date & Time: Tuesday, 24 November 2026, 09:08:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh