• হোম > চট্টগ্রাম | দেশজুড়ে > ফটিকছড়িতে অটোরিকশায় এসে মুখোশধারীদের গুলি, আহত ছয়

ফটিকছড়িতে অটোরিকশায় এসে মুখোশধারীদের গুলি, আহত ছয়

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১৪:৪৯
  • ৮

---

ইবি রিপোর্ট

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাজারে অটোরিকশায় এসে এলোপাতাড়ি গুলি ছুড়েছে মুখোশধারী পাঁচ অস্ত্রধারী। সোমবার (২৩ নভেম্বর) রাতের এই ঘটনায় পথচারী, দোকানি ও গাড়িচালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, স্থানীয়ভাবে ধরা পড়ার আশঙ্কায় আতঙ্ক ছড়াতে এই হামলা চালিয়েছেন চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান ও তার সহযোগীরা। ঘটনার পর অটোরিকশাচালককে আটক করা হলেও রায়হানকে গ্রেপ্তার করা যায়নি।

সোমবার রাত ৯টার দিকে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মুখোশ পরা পাঁচজন অস্ত্রধারী বাজারের মোড়ে আসেন। সেখানে পৌঁছেই তারা চারদিকে ছররা গুলি ছুড়তে থাকেন। আকস্মিক গুলির শব্দে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিবর্ষণের পর অস্ত্রধারীরা অটোরিকশা নিয়ে বাজারের উত্তর পাশের চৌমুহনীর দিকে চলে যান। সেখানেও গাড়ি থেকে ফাঁকা গুলি ছোড়েন তারা। পরে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যান।

দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলিতে আহত ছয়জন হলেন মো. জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাদের সবার বাড়ি সুয়াবিল ইউনিয়নে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে গুলিবর্ষণের পর স্থানীয় লোকজন অটোরিকশাটিকে ধাওয়া করে চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জাবেদ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে জাবেদ দাবি করেন, নাজিরহাটের ঝংকার মোড় থেকে পাঁচজন যাত্রী সুয়াবিলের শোভনছড়ি যাওয়ার কথা বলে তার অটোরিকশা ভাড়া করেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে চৌমুহনীর দিকে গাড়ি চালাতে বাধ্য করা হয়। অস্ত্রধারীদের ভয়ে তাদের নির্দেশ অনুসরণ করেছেন বলে দাবি করেন তিনি। তবে পুলিশের ধারণা, চালকও সন্ত্রাসীদের সহযোগী ছিলেন। এ ঘটনায় মামলা করে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান ফটিকছড়ির সুয়াবিল এলাকায় আত্মগোপনে রয়েছেন বলে আগে থেকেই তথ্য ছিল। এর ভিত্তিতে গত রোববার রাতেও ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ভূজপুরের হাজিরখিলে রায়হানের একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

রায়হানকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখার পাশাপাশি তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে স্থানীয়দের অনুরোধ করা হয়েছিল। এরপর এলাকার বিভিন্ন স্থানে বাসিন্দারা সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি শুরু করেন। পুলিশের ধারণা, স্থানীয়দের এই তৎপরতা এবং গ্রেপ্তারের আশঙ্কা থেকেই রায়হান ও তার সহযোগীরা বাজারে গুলি ছুড়ে ভীতি তৈরি করে এলাকা ছেড়ে পালিয়ে যান।

হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ বলেন, চুঁরখারহাট বাজারে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন তারা। তাকে গ্রেপ্তারের জন্য গত রোববার রাতেও সুয়াবিল এলাকায় অভিযান চালানো হয়েছিল। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে হাজিরখিলে তার অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। মানুষের নজরদারি বেড়ে যাওয়ায় ধরা পড়ার ভয়ে রায়হান ও তার সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে গেছেন বলে ধারণা পুলিশের। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার পর ফটিকছড়ির ওই এলাকায় আবারও সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। রাত ১১টার দিকে চুঁরখারহাট বাজারে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে হ্যান্ডমাইকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ। এ সময় তিনি রায়হানের অবস্থান শনাক্ত করতে স্থানীয়দের সহযোগিতা চান। পাশাপাশি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাকে খুঁজে বের করার আহ্বান জানান।

বক্তব্যে তিনি বলেন, ‘চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান এখানে (ফটিকছড়ির সুয়াবিলে) লুকিয়ে আছে। সবাই মসজিদের মাইকে ঘোষণা দেয়ার ব্যবস্থা করেন। তাকে জীবন্ত পাইতে হবে। সবাই একটু খোঁজাখুঁজি করেন। ওকে পেলে পুরো চট্টগ্রাম ঠান্ডা হয়ে যাবে।’

পুলিশের অভিযোগ, রায়হান বিদেশে পলাতক চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী। বড় সাজ্জাদের সন্ত্রাসী বাহিনীর হয়ে তিনি চট্টগ্রাম নগর ও আশপাশের বিভিন্ন উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

এর আগে গত ২৯ জুলাই রাতে রায়হানকে গ্রেপ্তারের জন্য নোয়াখালীতে অভিযান চালায় পুলিশ। তবে সেদিন তিনি পালিয়ে যেতে সক্ষম হন। পরদিন ৩০ জুলাই সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছিলেন, পুলিশ রায়হানকে প্রায় ধরে ফেলেছিল। কিন্তু তিনি ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমরা রায়হানকে প্রায় ধরেই ফেলেছিলাম। রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোজখ দেখে ফেলেছে।’

অন্যদিকে, চুঁরখারহাট বাজারে আহত ব্যক্তিরা অস্ত্রধারীদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিলেন কি না, তা এখনো নিশ্চিত নয় পুলিশ। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই মুখোশধারীরা এলোপাতাড়ি গুলি ছুড়েছেন। আহত ব্যক্তিরা তাদের নির্দিষ্ট লক্ষ্য ছিলেন না বলেও মনে করছে পুলিশ। অস্ত্রধারীরা কী উদ্দেশ্যে সেখানে এসেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে এবং অটোরিকশাচালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23979 ,   Print Date & Time: Tuesday, 24 November 2026, 09:08:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh