![]()
ইবি রিপোর্ট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে রাজধানীতে মোটরসাইকেল র্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন দলটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত র্যালিটি রাজধানীর কয়েকটি সড়ক ঘুরে মিরপুর-১৪ নম্বরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে র্যালিটি শুরু হয়। এতে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা অংশ নেন।
র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানটিও ছিল। দলটির নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে নির্ধারিত পথে এগিয়ে যান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল। তাঁদের সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও র্যালিতে অংশ নেন।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া র্যালিটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ এলাকা অতিক্রম করে মিরপুর-১৪ নম্বরে গিয়ে শেষ হওয়ার কথা। রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে এই কর্মসূচির মধ্য দিয়ে দলটির নেতাকর্মীরা নিজেদের অবস্থান তুলে ধরেন।