![]()
ইবি রিপোর্ট
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এসব পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৩০৯ কোটি টাকা। রপ্তানির তালিকায় রয়েছে মাংস ও মাংসজাত পণ্য, চামড়া, দুগ্ধজাত পণ্য, হাঁসের পালক ও কবুতরসহ বিভিন্ন ধরনের পণ্য।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী জানান, বাংলাদেশের প্রাণিজ পণ্যের বাজার রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, চীন, হংকং, ইতালি ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে। রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে মাংস ও মাংসজাত পণ্য, বুলস্টিক, ওমাসাম, চামড়া ও চামড়াজাত পণ্য, হাঁসের পালক, দুগ্ধজাত পণ্য এবং কবুতর রয়েছে।
আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের চাহিদা কাজে লাগাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুণগত মান উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের মাধ্যমে রপ্তানির সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক অবদান ও উৎপাদনের পরিসংখ্যানও তুলে ধরা হয়। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। একই সময়ে খাতটির প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদের অংশ ১৬ দশমিক ৫৬ শতাংশ। ওই অর্থবছরে প্রাণিসম্পদ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা।
দেশে দুধ, মাংস ও ডিম উৎপাদনের পরিমাণও তুলে ধরেন মন্ত্রী। তাঁর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে।
দেশের মানুষের দৈনিক মাথাপিছু প্রাণিজ পণ্য গ্রহণের প্রায় ৫৬ শতাংশ স্থানীয় উৎপাদন থেকে আসে বলেও জানান তিনি। ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন মন্ত্রী।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, এই সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পণ্যের মান নিশ্চিত করতে হবে। প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের মাধ্যমে রপ্তানির উপযোগী পণ্য তৈরি করাও প্রয়োজন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করা দরকার। প্রযুক্তির ব্যবহার ও নতুন উদ্ভাবনের মাধ্যমে উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।