![]()
ইবি রিপোর্ট
প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৮৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ। এ লক্ষ্যে আগের প্রস্তাব সংশোধন করে নতুন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২ কোটি ইউরোর সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। তবে অর্থ পাওয়ার দিনের ইউরোর বিনিময় হার অনুযায়ী টাকার অঙ্ক চূড়ান্ত হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত সভায় প্রেফারেন্স শেয়ার ইস্যুর আগের সুপারিশ সংশোধনের সিদ্ধান্ত নেয়। নতুন প্রস্তাব অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের ২৮ কোটি ৫০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে।
সিঙ্গার বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির পর্যাপ্ত ইকুইটি সক্ষমতা বিবেচনায় নিয়ে আগের প্রস্তাব পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্তের মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনাটি পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৬ অক্টোবর প্রেফারেন্স শেয়ার ইস্যু এবং শেয়ার মূলধন বাড়ানোর বিষয়ে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছিল কোম্পানিটি। তবে পরিচালনা পর্ষদের নতুন সিদ্ধান্তের পর আগের ঘোষণায় সংশোধন আনা হয়েছে। নতুন প্রস্তাবের বাইরে আগের ঘোষণার অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে প্রেফারেন্স শেয়ার ইস্যুর নতুন প্রস্তাব অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে সিঙ্গার বাংলাদেশ। ওই দিন দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস কারখানায় সভাটি অনুষ্ঠিত হবে।
শেয়ারহোল্ডারদের অংশগ্রহণের সুবিধার্থে সরাসরি উপস্থিতির পাশাপাশি অনলাইনেও সভায় যুক্ত হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়নের আগে শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে।