![]()
ইবি রিপোর্ট
সরকারি চাকরিতে কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারী ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি হওয়ার পরও বরাদ্দ করা বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ বাড়িভাড়া দিতে হবে। বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী, বদলির পর সাধারণত দুই মাসের মধ্যে সরকারি বাসার দখল ছাড়ার নিয়ম রয়েছে। তবে সন্তানের লেখাপড়ার বিষয় বিবেচনায় সরকারের অনুমতি সাপেক্ষে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বাসার বরাদ্দ বহাল রাখা যেতে পারে।
এ বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে সম্প্রতি নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর। গত ১৯ নভেম্বর পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানদের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুসরণের নির্দেশনা দিতে বলা হয়েছে।
সিনিয়র সচিব ও সচিব, বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরের প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি আবাসন পরিদপ্তরের আওতায় বাসা বরাদ্দ পান। পরবর্তী সময়ে দাপ্তরিক প্রয়োজনে তাঁদের অনেকে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের বাইরে বদলি হন। কিন্তু বদলির তথ্য অনেক সময় পরিদপ্তরকে জানানো হয় না। আবার কেউ কেউ নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সরকারি বাসার দখল ছাড়েন না।
সরকারি আবাসন পরিদপ্তরের মতে, এ ধরনের অবস্থান বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থি। বিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের পর অনুমোদন ছাড়া সরকারি বাসায় অবস্থান করলে দ্বিগুণ হারে ভাড়া দিতে হবে।
পরিদপ্তর জানিয়েছে, অনেক কর্মকর্তা-কর্মচারী দ্বিগুণ হারে ভাড়া আদায়ের বিধান সম্পর্কে অবগত না থাকার কথা উল্লেখ করে অতিরিক্ত ভাড়া মওকুফের আবেদন করেন। তবে বিধি অনুযায়ী, অননুমোদিতভাবে সরকারি বাসায় অবস্থানের কারণে ধার্য করা দ্বিগুণ ভাড়া মওকুফ করার এখতিয়ার পরিদপ্তরের নেই।
বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৫(২) উপবিধিতে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী চাকরি থেকে বরখাস্ত, অপসারণ, পদত্যাগ, অবসর গ্রহণ, বদলি, বিদেশে প্রেষণে নিয়োগ কিংবা চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হওয়ার পর দুই মাসের মধ্যে বরাদ্দ করা বাসার দখল ছাড়তে হবে।
তবে একই বিধিমালার ১৫(৩) উপবিধিতে বিশেষ ছাড়ের সুযোগ রাখা হয়েছে। কোনো কর্মচারীর সন্তানের লেখাপড়ার কারণে বাসার বরাদ্দ বহাল রাখা প্রয়োজন হলে সরকার নিজস্ব বিবেচনায় সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বরাদ্দ চালু রাখতে পারে। এ ক্ষেত্রে সরকারের অনুমোদন প্রয়োজন।
অন্যদিকে বিধিমালার ১৯(২) উপবিধিতে অননুমোদিত দখলের জন্য ভাড়া নির্ধারণের বিষয়টি উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীর প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে সরকারি বাসার ভাড়া ধার্য করতে হবে।
সরকারি আবাসন পরিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, এ ধরনের পরিস্থিতিতে পরবর্তী জটিলতা এড়াতে সংশ্লিষ্ট বিধিগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি জানাতে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের আবারও অনুরোধ জানানো হয়েছে।