• হোম > বিনোদন > অ্যাভেঞ্জার্স ডুমসডে’র ট্রেলারে ডক্টর ডুমের বিরুদ্ধে একজোট সুপারহিরোরা

অ্যাভেঞ্জার্স ডুমসডে’র ট্রেলারে ডক্টর ডুমের বিরুদ্ধে একজোট সুপারহিরোরা

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪২
  • ১৪

---

ইবি বিনোদন ডেস্ক 

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র চূড়ান্ত ট্রেলার প্রকাশ করেছে মার্ভেল স্টুডিওস। এতে স্টিভ রজার্স, থর, ক্যাপ্টেন আমেরিকা এবং এক্স-মেনের সদস্যদের ডক্টর ডুমের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিতে দেখা গেছে। আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। মুক্তির কয়েক সপ্তাহ আগে সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হয় ট্রেলারটি।

প্রায় তিন মিনিটের ট্রেলারের শুরুতে দেখা যায়, স্টিভ রজার্স ও পেগি কার্টার তাঁদের ছেলেকে তার বাবার পরিচয়, অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা সম্পর্কে জানানোর বিষয়টি নিয়ে কথা বলছেন। এরপর এক ঝলক আলোর মধ্য দিয়ে ফ্যান্টাস্টিক ফোরের সদস্যদের তাঁদের বাড়ির সামনে উপস্থিত হতে দেখা যায়।

এ সিনেমায় ডক্টর ডুমের ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র। ট্রেলারে তাঁর চরিত্রকে বলতে শোনা যায়, ‘তোমরা সবাই চুরি করা জীবন কাটিয়েছ। তোমাদের সেই জীবন ফিরিয়ে দিতে হবে।’

এরপর দৃশ্যপট বদলে যায় নিউ অ্যাভেঞ্জার্স টাওয়ারে। সেখানে থর, অ্যান্থনি ম্যাকির অভিনয়ে নতুন ক্যাপ্টেন আমেরিকা এবং শ্যাং-চি ডক্টর ডুমের পরিকল্পনা মোকাবিলায় সহযোগী খুঁজতে থাকেন।

ট্রেলারের আরেকটি দৃশ্যে সাইক্লপসের চরিত্রে জেমস মার্সডেনকে ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে লড়াই করতে দেখা যায়। এ ছাড়া ‘টু মি, মাই এক্স-মেন’ সংলাপটিও রয়েছে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে প্রথমবারের মতো এই সংলাপ শোনা যাবে।

অন্যদিকে, ওয়াকান্ডার যোদ্ধাদের নমোরকে নিজেদের দলে টানার চেষ্টা করতে দেখা যায়। ডক্টর ডুমকে সেন্টিনেল বাহিনী নিয়ে হাজির হতেও দেখা গেছে। ট্রেলারের শেষ অংশে সমবেত সুপারহিরোদের চারপাশ ঘিরে ফেলে বিশাল সেন্টিনেল বাহিনী।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর এটিই প্রথম অ্যাভেঞ্জার্স সিনেমা। গত বছর ফ্যান্টাস্টিক ফোরের পরিচিতিসহ এক ডজনের বেশি সিনেমা ও সিরিজের অসমাপ্ত কাহিনির সূত্র ধরে এগিয়েছে নতুন এই চলচ্চিত্রের গল্প।

ট্রেলারটিতে ফ্লোরেন্স পিউকে ইয়েলেনা এবং সিমু লিউকে শ্যাং-চি চরিত্রে আবারও দেখা গেছে। পাশাপাশি লেটিশিয়া রাইটের শুরি চরিত্রকেও ওয়াকান্ডার দৃশ্যগুলোতে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যেতে পারে।

পরিচিত সুপারহিরোদের ফিরিয়ে আনার পাশাপাশি নতুন চরিত্র যুক্ত করার কারণে সিনেমাটি চলতি বছরের আলোচিত চলচ্চিত্রগুলোর একটি হয়ে উঠেছে। বড়দিনের ছুটির মৌসুমে প্রেক্ষাগৃহের ব্যবসায়ও সিনেমাটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ইতোমধ্যে কয়েকটি দেশের বাজারে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ডিসেম্বরের ছুটির মৌসুমের সবচেয়ে বড় সিনেমা হিসেবে এটিকে বিবেচনা করছেন সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহ পরিচালকেরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23934 ,   Print Date & Time: Tuesday, 24 November 2026, 09:08:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh