![]()
ইবি রিপোর্ট
লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের মীরগঞ্জ শাখার প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১১টার দিকে মীরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আগুন লাগার কয়েক সেকেন্ডের মধ্যেই তা নিভে যায়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম ইমন খান। তিনি কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে। পুলিশ জানিয়েছে, ইমন নিষিদ্ধ ছাত্রলীগের কেরোয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকের শাখার সিসিটিভি ক্যামেরায় আগুন দেওয়ার দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে রাতের অন্ধকারে ফটকের সামনে আগুনের শিখা দেখা যায়। এ সময় গেটের পাশে একজনকে চলাচল করতে দেখা যায়। কিছুক্ষণ পর সেখানে আবার আগুনের ঝলকানি দেখা যায়। পরে হালকা রঙের পোশাক পরা এক ব্যক্তিকে দ্রুত দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, সোমবার রাতে তিনজন মিলে গ্রামীণ ব্যাংকের মীরগঞ্জ শাখার সীমানাপ্রাচীরের ভেতরে থাকা মূল গ্রিলগেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। তবে ব্যাংকের মূল ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। আগুন দেওয়া হয়েছিল কেবল ফটকে।
ওসি জানান, আগুন ধরানোর প্রায় ১০ সেকেন্ডের মধ্যেই তা নিজে থেকে নিভে যায়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইমন খানকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
সংবাদ কীওয়ার্ড: রায়পুর, লক্ষ্মীপুর, গ্রামীণ ব্যাংক, মীরগঞ্জ শাখা, অগ্নিসংযোগ, ছাত্রলীগ নেতা, ইমন খান, সিসিটিভি ফুটেজ, পেট্রল ঢেলে আগুন, রায়পুর থানা।