![]()
ইবি রিপোর্ট
আর্থিক সংকট কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে সরকারের কাছে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক। প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে এই অর্থ দেওয়ার প্রস্তাব করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। প্রস্তাব অনুযায়ী, ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ পুরো অর্থ সরকারকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংকটি।
এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ব্যাংকটির পুনরুদ্ধারে ১৩ দফা প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়েছে।
এস আলম গ্রুপের আত্মসাৎ করা ৮২ হাজার কোটি টাকা উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় এই উদ্যোগ নিয়েছে ব্যাংকটির পর্ষদ। প্রস্তাবগুলোতে মূলধন ঘাটতি পূরণ, তারল্য সংকট মোকাবিলা এবং সরকারি আর্থিক সহায়তার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকে পাঠানো ‘ইসলামী ব্যাংক পর্ষদের প্রস্তাব’ শীর্ষক নথিতে বলা হয়েছে, ব্যাংকটির স্বাভাবিক ও টেকসই কার্যক্রম ফিরিয়ে আনতে মূলধন বাড়ানো এবং তারল্য পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন। এ জন্য পাঁচ বছরে সরকারের কাছ থেকে ৭৫ হাজার কোটি টাকা পাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
পাশাপাশি সম্মিলিত ইসলামী ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৪ শতাংশ সুদে বিশেষ তারল্য সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি। দীর্ঘমেয়াদি পরিশোধব্যবস্থা ও নির্ধারিত শর্তের আওতায় এই অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এস আলম গ্রুপসহ অন্যান্য ঋণখেলাপির কাছ থেকে অর্থ উদ্ধারের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চাওয়া হয়েছে। এ জন্য দেশি-বিদেশি সম্পদ জব্দ, অবরুদ্ধ শেয়ারের মালিকানা গ্রহণ এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি বা বিশেষ উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পদ বিক্রির সুযোগ চেয়েছে ব্যাংকটি।
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিদর্শনের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নামে-বেনামে থাকা ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে ৮১ দশমিক ৯২ শতাংশ। ২০২৪ সালের আগস্ট থেকে এসব শেয়ার স্থগিত রয়েছে। গত ৩০ আগস্ট আদালতের এক আদেশে তিন মাসের জন্য শেয়ারগুলো অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংকের প্রায় ১৪ হাজার কোটি টাকা আটকে রয়েছে। এর মধ্যে পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে ১১ হাজার ২৬৪ কোটি টাকা, জনতা ব্যাংকে ১ হাজার ৩০৯ কোটি এবং আভিভা ফাইন্যান্সে ১ হাজার ৮৫ কোটি টাকা রয়েছে। এসব অর্থ ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক।
পুনরুদ্ধার পরিকল্পনায় নগদ জমা সংরক্ষণ অনুপাত (সিআরআর) ও বিধিবদ্ধ তারল্য অনুপাতের (এসএলআর) ঘাটতির বিপরীতে আরোপিত জরিমানা এবং সংশ্লিষ্ট চার্জ মওকুফের প্রস্তাবও রয়েছে। তবে প্রচলিত আইন অনুযায়ী, এ ধরনের জরিমানা মওকুফের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নেই। ব্যাংক কোম্পানি আইনের আওতায় এ সিদ্ধান্ত নিতে পারে সরকার।
বর্তমান নিয়মে ব্যাংকগুলোকে মোট তলবি ও মেয়াদি দায়ের ৪ শতাংশ সিআরআর হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। শরিয়াহভিত্তিক ব্যাংকের জন্য এসএলআর সংরক্ষণের হার সাড়ে ৫ শতাংশ। সিআরআর সংরক্ষণে ব্যর্থ হলে ঘাটতির ওপর ৯ শতাংশ এবং এসএলআর সংরক্ষণে ব্যর্থ হলে ১১ শতাংশ হারে জরিমানা দিতে হয়।
প্রস্তাবের প্রথম ধাপে ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি চাওয়া হয়েছে। এ ছাড়া পরিচালন কাঠামোসংক্রান্ত মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয় ধারা সংশোধনের সুযোগ চেয়েছে পর্ষদ।
দ্বিতীয় ধাপে সরকারকে কৌশলগত অংশীদার করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন শেয়ার ইস্যুর পরিকল্পনা রয়েছে। এতে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬১০ কোটি টাকা থেকে বেড়ে ৭ হাজার ৬১০ কোটি টাকায় দাঁড়াবে। প্রস্তাব অনুযায়ী, সরকার বা যোগ্য সরকারি প্রতিষ্ঠান ইকুইটি বিনিয়োগ কিংবা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে অর্থ বিনিয়োগ করলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮৪ শতাংশ মালিকানা সরকারের হাতে যাবে।
ব্যাংকটির দাবি, মূলধন বাড়লে বাসেল-৩ নীতিমালার আওতায় ঘাটতি পূরণ এবং সম্ভাব্য আর্থিক ক্ষতি মোকাবিলার সক্ষমতা তৈরি হবে। একই সঙ্গে তারল্য সহায়তার ওপর নির্ভরতা কমবে, আমানতকারীদের আস্থা ফেরানো এবং ব্যাংকিং সেবা অব্যাহত রাখা সহজ হবে।
এদিকে ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে আন্দোলন করছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সংগঠনটি জামায়াতপন্থি হিসেবে পরিচিত। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং পদাধিকারবলে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন চৌধুরী ব্যাংকটির পর্ষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই ব্যাংকটিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা হতে পারে। এ বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা পর্ষদ সদস্যও মতামত দিয়েছেন। এ নিয়ে কাজ চলছে।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক। দীর্ঘদিন জামায়াতপন্থিদের কর্তৃত্বে পরিচালিত ব্যাংকটির পর্ষদ ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। এরপর বিভিন্ন সময়ে আন্দোলনের মুখে ব্যাংকটির তিনজন চেয়ারম্যান ও দুজন ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তন হয়েছেন। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়েই চলছে প্রতিষ্ঠানটি।
ব্যাংকটির আর্থিক পরিস্থিতিও সংকটপূর্ণ। চলতি বছরের জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশ। একই সময়ে প্রভিশন ঘাটতি হয়েছে ৮২ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটি নিট লোকসান করেছে ৩ হাজার ২৮৬ কোটি টাকা।