• হোম > দেশজুড়ে | পঞ্চগড় > ঘন কুয়াশায় ঢেকে পঞ্চগড়, সকাল ৮টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা

ঘন কুয়াশায় ঢেকে পঞ্চগড়, সকাল ৮টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৩
  • ২৫

---

ইবি রিপোর্ট

রাতভর ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তরের জেলা পঞ্চগড়। ভোর পেরিয়ে সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় জনজীবনে দেখা দিয়েছে ভোগান্তি। সড়কে দৃষ্টিসীমা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। কোথাও কোথাও সামনের পথও ঠিকমতো দেখা যাচ্ছে না। এর সঙ্গে বেড়েছে শীতের অনুভূতি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন পরিস্থিতি দেখা যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তা আরও ঘন হয়ে ওঠে। ভোরের দিকে কুয়াশার তীব্রতা বাড়ায় চারপাশ ঢেকে যায়। রাতভর বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা ঝরতে থাকায় সকালে বাইরে বের হওয়াও কঠিন হয়ে পড়ে।

এদিকে মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন সোমবার সকাল ৯টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে শীতের অনুভূতি বাড়ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে উঠেছে। বিশেষ করে সকালে কর্মস্থলে যাওয়া মানুষ এবং যানবাহনের চালকদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে। তবে বেলা বাড়ার পর রোদ উঠলে আবার গরম অনুভূত হয়।

চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর রহমান বলেন, রাত থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে দেখেন চারপাশ কুয়াশায় ঢাকা। সড়কে সামনে কী রয়েছে, তা ঠিকমতো বোঝা যাচ্ছে না। কয়েক দিন ধরে সকাল ও রাতে শীতের অনুভূতিও বেশি হচ্ছে বলে জানান তিনি।

অন্য বাসিন্দা শহিদুল্লাহ বলেন, ভোরে তাঁকে কাজে বের হতে হয়। কিন্তু কুয়াশার কারণে রাস্তাঘাট ঠিকমতো দেখা যায় না। যানবাহনগুলোও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা পার হলেও সূর্যের দেখা মেলেনি বলে জানান তিনি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১০০ শতাংশ।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23924 ,   Print Date & Time: Tuesday, 24 November 2026, 01:18:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh