![]()
ইবি রিপোর্ট
দেশের তিন সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে আয়োজিত প্রথম যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন সরকারপ্রধান।
হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করবেন। এ সময় মহড়ায় অংশ নেওয়া তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রমও দেখবেন তিনি।
বিশেষ এই যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে পরিচালিত এই অনুশীলনের মধ্য দিয়ে যৌথ প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
মহড়া পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন। অনুশীলনস্থলে উপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা দ্বীপটির নাম স্বর্ণদ্বীপ। স্থানীয়ভাবে এটি ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক যুগেরও বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের অংশগ্রহণেও সেখানে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
তবে এবারের আয়োজনের বিশেষ দিক হলো, এতে প্রথমবারের মতো সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একসঙ্গে অংশ নিচ্ছে। একই সঙ্গে এই বিশেষ যৌথ অনুশীলনের চূড়ান্ত পর্বে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।