• হোম > জাতীয় | দেশজুড়ে | শিক্ষা > এসএসসিতে জিপিএ-৫ পেলেই কি মিলবে ল্যাপটপ

এসএসসিতে জিপিএ-৫ পেলেই কি মিলবে ল্যাপটপ

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৬
  • ২০

---

 ইবি রিপোর্ট

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম পর্যায়ে দেড় হাজার জনকে এই সুবিধা দেওয়া হবে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবনা অনুযায়ী, প্রতিটি শিক্ষা বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। তবে ১০০তম অবস্থানে একাধিক শিক্ষার্থীর নম্বর সমান হলে তাঁদের বিবেচনায় অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষণ করা হয়েছে। ফলে সব মিলিয়ে দেড় হাজার শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় আসবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তার অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য এ প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়িত হবে। ল্যাপটপ কেনার ক্ষেত্রে সরকারি ক্রয়পদ্ধতি পিপিআর-২০২৫ অনুসরণ করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে সরকার ধাপে ধাপে কর্মসূচিটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে দেড় হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে এই সুবিধা। পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এইচএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদেরও একই ধরনের প্রণোদনার আওতায় আনার চিন্তা করছে সরকার।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাসসকে জানান, প্রাথমিক পর্যায়ে ১১টি শিক্ষা বোর্ড থেকে মেধাক্রম অনুযায়ী শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মেধাতালিকায় একই নম্বর পাওয়া একাধিক শিক্ষার্থী থাকলে তাঁদের বিষয়টি বিবেচনায় নিতে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ রাখা হয়েছে। ভবিষ্যতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ উদ্যোগের পরিসর বাড়ানোর পরিকল্পনাও রয়েছে

নম্বর ও বিভাগ অনুযায়ী হবে নির্বাচন

শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে শুধু জিপিএ-৫ পাওয়াকে একমাত্র মানদণ্ড হিসেবে রাখা হচ্ছে না। পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, নির্বাচিত ১০০ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য ৫০ শতাংশ, মানবিক বিভাগের জন্য ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ২০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ও অনুপাত বিবেচনায় এ বণ্টন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডসহ অন্য আটটি বোর্ডে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভাগ ও পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় কিছুটা আলাদা পদ্ধতি রাখা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০০ শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে। সব বোর্ডের চূড়ান্ত তালিকা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ জানান, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা তৈরি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে দুই ধারার পরীক্ষার্থীর সংখ্যার পার্থক্য বিবেচনায় নিয়ে আনুপাতিক হারে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদ জানান, দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনা করে এ তালিকা চূড়ান্ত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং উচ্চশিক্ষার প্রস্তুতিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়াতেই এ প্রণোদনা দেওয়া হচ্ছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। তাঁদের মধ্য থেকে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া সর্বোচ্চ নম্বরধারীদের বাছাই করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ের বিতরণ শেষ হলে ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে প্রযুক্তিগত সুবিধার আওতায় আনার সুযোগ তৈরি হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23909 ,   Print Date & Time: Tuesday, 24 November 2026, 01:10:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh