• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > তিন মাসে পোশাকের নিট রপ্তানি আয় বেড়েছে ১১.২%, ক্রয়াদেশ হারানোর শঙ্কা

তিন মাসে পোশাকের নিট রপ্তানি আয় বেড়েছে ১১.২%, ক্রয়াদেশ হারানোর শঙ্কা

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬
  • ১৪

---

ইবি রিপোর্ট

২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশের তৈরি পোশাক খাতের নিট রপ্তানি আয় বেড়েছে ১১.২০ শতাংশ। স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি ও নিটওয়্যার রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে আয় বাড়লেও জ্বালানি সংকট, শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ায় ক্রয়াদেশ হারানোর ঝুঁকিতে পড়ছেন উদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ‘কোয়ার্টারলি রিভিউ অব রেডিমেড গার্মেন্টস’ প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৬.৭৭ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ৬.০৯ বিলিয়ন ডলার। আর এপ্রিল-জুন প্রান্তিকে আয় ছিল ৬.২৩ বিলিয়ন ডলার।

আলোচ্য সময়ে পোশাকের মোট রপ্তানি আয় ৬.২৫ শতাংশ বেড়ে ১০.৫৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। দেশের মোট ১৩.০৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের ৮০.৭৯ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে।

স্থানীয় মূল্য সংযোজন বেড়েছে

আমদানি করা কাঁচামালের নির্ভরতা কমায় নিট রপ্তানি আয়ে প্রবৃদ্ধি তুলনামূলক বেশি হয়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে পোশাক প্রস্তুতকারকরা ৩.৭৮ বিলিয়ন ডলারের কাঁচামাল আমদানি করেছেন, যা মোট রপ্তানি আয়ের ৩৫.৮০ শতাংশ। আগের প্রান্তিকে এই হার ছিল ৩৮.৩২ শতাংশ।

এতে স্থানীয় মূল্য সংযোজনের হার বেড়ে ৬৪.২০ শতাংশ হয়েছে। আগের এপ্রিল-জুন প্রান্তিকে এ হার ছিল ৬১.৬৮ শতাংশ। একই সঙ্গে আগের প্রান্তিকের তুলনায় নিট রপ্তানি আয় বেড়েছে ৮.৬৯ শতাংশ।

নিটওয়্যারে প্রবৃদ্ধি, ওভেনে ধীরগতি

রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে নিটওয়্যার খাত বড় ভূমিকা রেখেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে নিট পোশাক রপ্তানি হয়েছে ৫.৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭.০২ শতাংশ এবং আগের প্রান্তিকের তুলনায় ৮.০৮ শতাংশ বেশি। মোট পোশাক রপ্তানির ৫৬.৩৭ শতাংশ এসেছে এই খাত থেকে।

অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি হয়েছে ৪.৬০ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ৫.২৭ শতাংশ হলেও আগের প্রান্তিকের তুলনায় বেড়েছে মাত্র ০.০৫ শতাংশ। ফলে নিটওয়্যার খাত এগিয়ে গেলেও ওভেন পোশাকে প্রবৃদ্ধি এখনো সীমিত।

শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকটে উদ্বেগ

রপ্তানি আয় বাড়লেও উৎপাদন খরচ, জ্বালানি সংকট, শ্রমিক অসন্তোষ ও কারখানা বন্ধের কারণে শিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিটিএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে রয়েছেন পোশাক উৎপাদনকারীরা। নির্বাচনের পর ব্যবসায়িক পরিবেশ উন্নত হওয়ার আশা থাকলেও জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষ কারখানার কার্যক্রম ব্যাহত করছে।

তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর কাছে ক্রয়াদেশ হারাতে পারে। শ্রমিক অসন্তোষের সময় শ্রীলঙ্কা থেকে ক্রয়াদেশ বাংলাদেশে স্থানান্তরিত হওয়ার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে ক্রেতারা বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে অন্য দেশে নিতে পারেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, চলমান শ্রমিক আন্দোলনে উৎপাদন ব্যাহত হয়েছে। অসন্তোষ শুরুর পর প্রতিদিন গড়ে প্রায় ৭০টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। প্রধান শিল্পাঞ্চলগুলোতে একদিনে সর্বোচ্চ ৬৭৯টি কারখানা বন্ধ ছিল।

তার মতে, শ্রমিক অসন্তোষের কারণে বিদেশি ক্রেতাদের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে এবং নতুন ক্রয়াদেশ কমছে। বাড়তি পরিচালন ব্যয় মুনাফা কমিয়ে দিচ্ছে, কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়ছে।

কয়েকটি বাজারের ওপর নির্ভরতা বাড়াচ্ছে ঝুঁকি

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, কানাডা, ইতালি ও বেলজিয়ামে ৭.৬০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা মোট পোশাক রপ্তানির ৭২.১১ শতাংশ। ফলে এসব বাজারে চাহিদা কমলে বা বাণিজ্যনীতিতে পরিবর্তন এলে দেশের পোশাক খাত বড় ধরনের চাপে পড়তে পারে।

বৈশ্বিক প্রতিযোগিতা, উচ্চ ঋণ ব্যয়, জ্বালানি সংকট ও পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা রপ্তানি প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে। ২০২৫-২৬ অর্থবছরে তৈরি পোশাকের মোট রপ্তানি আয় ছিল ৩৮.৯৭ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ০.৯৬ শতাংশ কম।

রপ্তানির বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখতে উৎপাদন খাতে স্থিতিশীলতা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং শ্রমিক অসন্তোষ নিরসনের পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর কাছে ক্রয়াদেশ চলে যাওয়া ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা বাড়ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23895 ,   Print Date & Time: Monday, 23 November 2026, 09:38:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh