![]()
ইবি রিপোর্ট
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান বা পরিচালক হিসেবে সরকারি সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ বন্ধের বিধান করেছে সরকার। পাশাপাশি পর্ষদে পেশাগত দক্ষতা বাড়াতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), আইন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাংকারদের অন্তর্ভুক্তির সুযোগ রাখা হয়েছে।
গত ১৮ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘চেয়ারম্যান/পরিচালক নিয়োগ/মনোনয়ন নীতিমালা, ২০২৬’ জারি করে। নতুন নীতিমালায় পর্ষদ সদস্যদের মেয়াদ, যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া ও দায়িত্বের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং পরিচালকদের মেয়াদ হবে তিন বছর। কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। দুই মেয়াদ শেষ হলে পরবর্তী পরিচালক হিসেবে নিয়োগ বা নির্বাচিত হওয়ার জন্য অন্তত তিন বছর অপেক্ষা করতে হবে।
এই নীতিমালা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে বিদ্যমান আইন, অধ্যাদেশ বা সরকারের বিশেষ নির্দেশনায় ভিন্ন কিছু থাকলে তা কার্যকর থাকবে।
পর্ষদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়েও নির্দেশনা রয়েছে। পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। চেয়ারম্যান ও পরিচালক পদে প্রার্থীদের বয়স ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে হতে হবে। বিশেষ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা থাকলে বয়সসীমা শিথিল করা যাবে।
নিয়োগের জন্য প্রার্থীদের অন্তত ১০ বছরের প্রশাসনিক, ব্যবস্থাপনাগত বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। অর্থনীতি, ব্যাংকিং, অর্থায়ন, পুঁজিবাজার, মুদ্রানীতি, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, আইন এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
ঋণখেলাপি, ইচ্ছাকৃত ঋণখেলাপি, দুর্নীতি বা আর্থিক অপরাধে জড়িত এবং আদালতে দণ্ডিত ব্যক্তিরা নিয়োগের যোগ্য হবেন না। প্রার্থী বা তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ঋণখেলাপির কারণে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) তালিকাভুক্ত থাকলেও তিনি অযোগ্য বিবেচিত হবেন। ইচ্ছাকৃত ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর যোগ্য হতে অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হবে। আবেদনকারীদের হালনাগাদ আয়কর পরিশোধের প্রমাণও জমা দিতে হবে।
একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়া যাবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত অথবা গত পাঁচ বছরের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, বহিঃনিরীক্ষক, আইন উপদেষ্টা, পরামর্শক কিংবা বেতনভুক্ত কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এমন ব্যক্তিও ওই প্রতিষ্ঠানের পর্ষদে যোগ দিতে পারবেন না।
চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের নেতৃত্বে ছয় সদস্যের বাছাই কমিটি প্রার্থীদের সুপারিশ করবে। কমিটি প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা, আর্থিক অবস্থা, সততা, গোয়েন্দা প্রতিবেদন ও সিআইবি রেকর্ড যাচাই করবে। চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রীর অনুমোদন এবং পরিচালক নিয়োগে অর্থমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে।
নতুন নীতিমালায় পর্ষদ সদস্যদের বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন ও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। তাঁদের দায়িত্ব হবে প্রতিষ্ঠানের নীতিমালা প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা। তবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে পরিচালকদের হস্তক্ষেপ করা যাবে না।