![]()
ইবি রিপোর্ট
বিএনপিতে ফিরে যাওয়ার বিষয়ে কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। দলটিতে ফেরার ইচ্ছা প্রকাশ করে তার কোনো বক্তব্য বা আচরণও নেই বলে স্পষ্ট করেছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান রুমিন ফারহানা।
পোস্টে তিনি লেখেন, অনেকেই জানতে চাইছেন তিনি বিএনপিতে ফিরবেন কি না। এ বিষয়ে তিনি বলেন, বিএনপিতে ফেরার জন্য কখনো কোনো আবেদন করেননি। তার কোনো কথা বা আচরণ থেকেও দলে ফেরার ইঙ্গিত পাওয়ার কারণ নেই। বর্তমানে যে অবস্থায় আছেন, সে জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
এর আগে গত রোববার (২২ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের মধ্যে অনেকে ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন।
ওই বক্তব্যে আরও বলা হয়, স্থানীয় পরিস্থিতি বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা প্রয়োজন কিংবা যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
রিজভীর এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর রুমিন ফারহানার বিএনপিতে ফিরে আসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। সেই আলোচনার মধ্যেই নিজের অবস্থান জানিয়ে দলে ফেরার আবেদন করার বিষয়টি নাকচ করলেন তিনি।