• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > প্রধানমন্ত্রীর সঙ্গে এসকে গ্রুপের বৈঠকে জ্বালানি বিনিয়োগ আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে এসকে গ্রুপের বৈঠকে জ্বালানি বিনিয়োগ আলোচনা

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১৮:১৪
  • ১২

---

ইবি রিপোর্ট  

বাংলাদেশের জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে দ্রুত অগ্রগতির পাশাপাশি প্রয়োজনীয় সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিরা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ বিষয়ে তারা একটি বিস্তারিত উপস্থাপনাও দেন। প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, ভৌগোলিক অবস্থান ও সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে মাতারবাড়ী দক্ষিণ কোরিয়ার উলসান শহরের মতো একটি জ্বালানি হাবে পরিণত হতে পারে।

প্রতিনিধিদলের উপস্থাপনা মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে এসকে গ্রুপের আগ্রহকে তিনি স্বাগত জানান। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের নেওয়া উদ্যোগ ও পরিকল্পনার কথাও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ এবং গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। বিনিয়োগকারীরা যাতে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় মাতারবাড়ীতে প্রস্তাবিত এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করেন এসকে গ্রুপের প্রতিনিধিরা। তারা জানান, বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনাগুলো কাজে লাগাতে তাদের আন্তরিক আগ্রহ রয়েছে। বিশেষ করে জ্বালানি খাতে প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ নিয়ে তারা আশাবাদী।

সাক্ষাৎকালে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাবটি বাস্তবায়িত হলে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো খাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে বলে বৈঠকে আলোচনায় উঠে আসে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23883 ,   Print Date & Time: Monday, 23 November 2026, 12:35:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh