![]()
ইবি রিপোর্ট
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে শেখ হাসিনা কিংবা অন্য কেউ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ড্রোন, আধুনিক প্রযুক্তি এবং চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ছাড়া সীমান্তে ফ্লাডলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজও চলছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে বর্তমানে টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। রাতে সীমান্ত পর্যবেক্ষণের জন্য ড্রোন ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে টহল পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া সীমান্ত এলাকায় ফ্লাডলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, ‘আমাদের কাছে নির্দেশনা অবৈধ অনুপ্রবেশ কেউ করতে পারবে না।’ শেখ হাসিনার প্রসঙ্গে তিনি জানান, তার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে ৫৯ বিজিবির অধিনায়ক বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। এ কারণে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কেউ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আগেই তথ্য পাওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে সীমান্তবর্তী এলাকায় পরিচালিত একটি যৌথ অভিযানের তথ্যও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, বিজিবি ও পুলিশের একটি যৌথ দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শিবগঞ্জ থানার ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে একজনকে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক করা হয়।
লে. কর্নেল কাজী আল-আমিন অপু জানান, দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ওই ব্যক্তির কাছে ককটেল ও মাদকদ্রব্য মজুত রাখার তথ্য পাওয়া গিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
এদিকে, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সীমান্তবর্তী ধোবড়া গ্রামে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে বিজিবি ও পুলিশের যৌথ দল। তিনি মো. লুৎফল হকের ছেলে। এ সময় তার কাছ থেকে ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ প্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানিয়েছে ৫৯ বিজিবি।