![]()
ইবি রিপোর্ট
ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার চেষ্টা করলেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে সরকার। আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও নতুন করে সহিংসতার আশঙ্কার মধ্যে সরকারের এই অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরে ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে ঢাকা।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। সোমবার (২৩ নভেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সেখানে তিনি জানান, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং কারাগারে নেওয়া হবে।
সাক্ষাৎকারে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।’
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের কাছ থেকেও ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করছে সরকার। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই, ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে তাকে বাংলাদেশের কাছে ফেরত দিক। এরপর আইন নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনাকে তার কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।’
এদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে এখন পর্যন্ত আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন শামা ওবায়েদ। তবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত তাকে হস্তান্তর করবে বলে আশা করছে বাংলাদেশ।
বিষয়টি নিয়ে মন্তব্য জানতে রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করছে নয়াদিল্লি।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনের অবসান ঘটে। ওই সময় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর ২০২৪ সালের আগস্টে পদত্যাগের দাবির মুখে ঢাকা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে বাংলাদেশে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ওই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হওয়ার প্রেক্ষাপটে সরকার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, ঢাকা নয়াদিল্লির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আসলে কেমন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়।’