![]()
ইবি রিপোর্ট
চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে শনাক্ত হওয়ার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসীকে। গাজীপুরের টঙ্গীতে একটি প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দিতে গেলে তাঁকে আটক করা হয়।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী সমবায় কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২৩ নভেম্বর) টঙ্গী পশ্চিম থানা-পুলিশ তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, টঙ্গী সমবায় কমপ্লেক্সে ইউএস-বাংলা নামের একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন তানিয়া। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদসহ কয়েকজন ছাত্রদলকর্মী তাঁকে চিনতে পারেন। পরে তাঁরা তানিয়াকে আটক করে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের কাছে নিয়ে যান।
তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহও ছিল তাঁর।
এর আগে গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন তানিয়া। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, চাকরির সাক্ষাৎকার দিতে টঙ্গীতে এসেছিলেন তানিয়া। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।