![]()
ইবি রিপোর্ট
কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৫ হাজার ৬৫৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়নটির অধীন সীমান্ত ফাঁড়িগুলোর (বিওপি) আভিযানিক দলের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা মোবাইল ডিসপ্লের চালানটি জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের অধীন বিওপিগুলোর আভিযানিক দল পরিকল্পিতভাবে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বড়জ্বালা বিওপির টহলদল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব মোবাইল ডিসপ্লে উদ্ধার করে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শফিকুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচারকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সম্প্রতি পাঁচজনকে আটক করেছে বিজিবি।
তিনি বলেন, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন প্রতিরোধ, মাদক এবং চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ ও দমনে সুলতানপুর ব্যাটালিয়ন কাজ করছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল জোরদার এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবির সার্বিক নিরাপত্তা কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।