![]()
ইবি রিপোর্ট
ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
বৈঠকের আলোচনার বিষয়ে তিনি জানান, গঙ্গা চুক্তি নতুন করে সম্পাদিত হলে ভারতের কাছে বাংলাদেশের স্বার্থের বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরতে হবে। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছেন তাঁরা। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের জন্য সরকারকে বলা হয়েছে। এ ছাড়া ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার বিষয়েও আলোচনা করেছেন তাঁরা।
সংবিধান সংশোধনসংক্রান্ত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় বাধা তৈরি করেছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। এ কারণে কমিটিটি বাতিলের সুপারিশ করেছেন বলেও জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে লড়াই নয়, তাঁদের ভাষায় সেই লড়াই ৫ আগস্টেই শেষ হয়েছে। এখনকার লড়াই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।
তিনি বলেন, গতকালও হিন্দুত্ববাদী একটি সংগঠন সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে। ওই সমাবেশে পলাতক আওয়ামী লীগের কয়েকজন নেতাও যুক্ত হয়েছেন বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময়ে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।
সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানানো হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তবে শুধু আলোচনার জন্য আলোচনা নয়, এসব সংলাপের মাধ্যমে কার্যকর ফল আসা প্রয়োজন বলে মনে করেন তিনি। তাঁর মতে, কেবল ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব পক্ষকে সঙ্গে নিয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা দরকার।