![]()
ইবি রিপোর্ট
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশের মানুষের মধ্যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছে। নতুন করে ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজন নেই, বরং আগে থেকে প্রতিষ্ঠিত সেই ঐক্যকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক মতাদর্শের পার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাহদী আমিন।
দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে যান এনসিপির নেতারা। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অভিযাত্রা এবং সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
মাহদী আমিন জানান, এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলটির প্রতিনিধিরা নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী সরকারের অবস্থান ও পরিকল্পনা ব্যাখ্যা করেছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা রয়েছে, যেখানে রাজনৈতিক সহাবস্থান, পারস্পরিক সহিষ্ণুতা এবং সবার সমান অধিকার নিশ্চিত হবে।
বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সমাজের সব শ্রেণি-পেশার মানুষ, ধর্ম-বর্ণ এবং বিভিন্ন মতাদর্শের মানুষ একই লক্ষ্যে একত্রিত হয়েছিলেন। তখন কারও রাজনৈতিক পরিচয় বা আদর্শকে বিবেচনায় নেওয়া হয়নি। মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা এবং ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশাই সবাইকে এক জায়গায় এনেছিল। এনসিপির নেতাদের সঙ্গে সাম্প্রতিক আলোচনাতেও সেই ঐক্যের প্রতিফলন ঘটেছে।
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন। দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং নতুন কর্মসংস্থান তৈরির মতো ক্ষেত্রগুলোতে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া দরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের আলোচনায় দেশের মানুষের স্বার্থে ঐক্য বজায় রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
দেশের বাইরে অবস্থান করেও পতিত স্বৈরাচারের অপশক্তি যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মাহদী আমিন। তাঁর ভাষ্য, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে।
মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে মত, পথ, আদর্শ ও দর্শনের পার্থক্যের ঊর্ধ্বে উঠে পুরো বাংলাদেশ এক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে সরকারকে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ছিল মতবিনিময় সভা। এখানে শর্ত দেওয়ার কোনো বিষয় ছিল না। এনসিপির প্রতিনিধিরা নিজেদের বক্তব্য জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত ঐক্যের ভিত্তিতে স্বাধীন, সার্বভৌম ও তাবেদারমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে রাষ্ট্রের সব ক্ষমতার মালিক হবে জনগণ।
সংস্কার কার্যক্রম প্রসঙ্গে মাহদী আমিন বলেন, নির্বাচনী ইশতেহার এবং জাতীয় জুলাই সনদে স্বাক্ষরের সময় বিএনপি যে অঙ্গীকার করেছে, সরকার তা শতভাগ বাস্তবায়ন করবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও সরকারের অবস্থান জানিয়েছেন। প্রতিশ্রুতি বাস্তবায়নে ন্যূনতম বিচ্যুতির সুযোগ নেই।
তিনি জানান, সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সরকার কাজ করছে। সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই কার্যক্রম অব্যাহত থাকবে।