![]()
ইবি স্পোর্টস ডেস্ক
দীর্ঘ ৬৯ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। চার দেশের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হবে এবারের আসর।
সোমবার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও অনুমোদনের কথা রয়েছে। ফিফার বিশেষ কংগ্রেসের ভার্চ্যুয়াল সভায় ভোটের মাধ্যমে চার দেশের যৌথ আয়োজক হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।
এর আগে ১৯৬৬ সালে পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড। সেই আসরের পর ২০৩৫ সালে প্রথমবারের মতো যুক্তরাজ্যের চার দেশ একসঙ্গে নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে।
২০৩৫ সালের নারী বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘অল টুগেদার’ নামে যৌথ আয়োজক হওয়ার প্রস্তাব জমা দিয়েছে চার দেশ।
আয়োজনের জন্য প্রস্তাবিত তালিকায় রয়েছে ১৯টি স্টেডিয়াম। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, উত্তর আয়ারল্যান্ডে একটি, স্কটল্যান্ডে দুটি এবং ওয়েলসে দুটি ভেন্যু রাখার প্রস্তাব করা হয়েছে।
এদিকে, ফিফার বিশেষ কংগ্রেসে ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবেও চার দেশের যৌথ প্রস্তাব অনুমোদনের কথা রয়েছে। ওই আসর আয়োজনের প্রস্তাব দিয়েছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও জ্যামাইকা।
২০৩১ সাল থেকেই নারী ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮-এ উন্নীত হবে। ফলে ২০৩১ ও ২০৩৫—দুই আসরেই ৪৮টি দল অংশ নেবে।