• হোম > আন্তর্জাতিক | এশিয়া | বিদেশ > সোনার গয়না কেনা কমাচ্ছেন চীনারা, তাহলে কিনছেন কী?

সোনার গয়না কেনা কমাচ্ছেন চীনারা, তাহলে কিনছেন কী?

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১৬:৪৭
  • ২৬

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে চীন। ২০২৫ সালে দেশটিতে ৩৮৪ দশমিক ৩ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। আগের বছরও ৩৮০ দশমিক ২ টন উৎপাদন করে তালিকার প্রথম অবস্থানে ছিল এশিয়ার দেশটি। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, খনি থেকে উত্তোলনের পাশাপাশি আমদানি করা কাঁচামাল প্রক্রিয়াজাত করেও স্বর্ণ উৎপাদন করে চীন।

উৎপাদনে এগিয়ে থাকলেও চলতি বছরের প্রথম নয় মাসে দেশটিতে স্বর্ণ উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনে মোট ৩৪৭ দশমিক ৯৯ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। এ সময় উৎপাদন কমেছে ১১ দশমিক ৪৪ শতাংশ।

এই উৎপাদনের মধ্যে নিজস্ব খনির কাঁচামাল থেকে এসেছে ২২০ দশমিক ৯৩৫ টন স্বর্ণ। আর আমদানি করা কাঁচামাল প্রক্রিয়াজাত করে উৎপাদিত হয়েছে ১২৭ দশমিক ০৫৫ টন।

উৎপাদন কমলেও চীনে স্বর্ণের মোট ব্যবহার বেড়েছে। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে দেশটিতে ৬৮৪ দশমিক ৬২৩ টন স্বর্ণ ব্যবহৃত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ ০ দশমিক ২৮ শতাংশ বেশি।

তবে স্বর্ণ ব্যবহারের ক্ষেত্রে ভোক্তাদের পছন্দে পরিবর্তন দেখা গেছে। গয়না তৈরিতে স্বর্ণের ব্যবহার কমেছে, অন্যদিকে বার ও কয়েন কেনার প্রবণতা বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে গয়না তৈরিতে ১৭৮ দশমিক ৬১২ টন স্বর্ণ ব্যবহৃত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৮৬ শতাংশ কম।

অন্যদিকে স্বর্ণের বার ও কয়েনের ব্যবহার ২৬ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৪৪৪ দশমিক ৫৭৬ টনে পৌঁছেছে। বিনিয়োগের উদ্দেশ্যে সাধারণ মানুষের এসব স্বর্ণ কেনার প্রবণতা বৃদ্ধিকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

এ ছাড়া শিল্পসহ অন্যান্য খাতে এ সময় ৬১ দশমিক ৪৩৪ টন স্বর্ণ ব্যবহৃত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই খাতে ব্যবহার বেড়েছে ১ দশমিক ৪১ শতাংশ।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম নয় মাসে স্বর্ণের দাম শুরুতে বাড়লেও পরবর্তী সময়ে কিছুটা কমেছে। তবে সামগ্রিকভাবে দাম উচ্চপর্যায়ে রয়েছে। স্বল্প সময়ের মধ্যে দামের ওঠানামা বেড়ে যাওয়ায় স্বর্ণের বাজারে বিনিয়োগের ঝুঁকিও বাড়ছে।

চীনে চালু রয়েছে ১১৭টি স্বর্ণের খনি

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবালডেটার তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে ১ হাজার ৩৫২টির বেশি স্বর্ণের খনি চালু রয়েছে। এর মধ্যে চীনে রয়েছে ১১৭টি।

২০২৩ সালের উৎপাদনের হিসাব অনুযায়ী, চীনের উল্লেখযোগ্য পাঁচটি স্বর্ণের খনি হলো শাসি কপার মাইন, ইশিংঝাই গোল্ড মাইন, সানশানদাও গোল্ড মাইন, জিয়াওজিয়া গোল্ড মাইন ও দে শিং মাইন।

এসব খনির মধ্যে শাসি কপার মাইন থেকে ২০২৩ সালে প্রায় ৬ লাখ ৪৯ হাজার ১৮০ আউন্স স্বর্ণ উৎপাদিত হয়। একই সময়ে ইশিংঝাই গোল্ড মাইন থেকে উৎপাদন হয় প্রায় ১ লাখ ৯২ হাজার ২৪০ আউন্স। সানশানদাও, জিয়াওজিয়া ও দে শিং খনিও দেশটির স্বর্ণ উৎপাদনে অবদান রাখছে ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23854 ,   Print Date & Time: Monday, 23 November 2026, 11:09:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh